পঁয়ষট্টির বাছিরনের দ্বিতীয় স্বপ্নপূরণ

প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) পাস করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার ৬৫ বছর বয়সের সেই বাছিরন নেছা। শুধু পাস নয়, বিদ্যালয়ের ছয়জন পরীক্ষার্থীর মধ্যে সেরা ফল তাঁরই।
বাছিরন জিপিএ–৩.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গত নভেম্বরে পরীক্ষায় অংশগ্রহণের সময় বাছিরন প্রথম আলোকে বলেছিলেন, পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে তাঁর প্রথম স্বপ্ন পূরণ হয়েছে। পাস করলে সেটা হবে তাঁর দ্বিতীয় স্বপ্নপূরণ।
সেই স্বপ্ন পূরণ হওয়ায় এখন কেমন লাগছে জানতে চাইলে বাছিরন গতকাল বৃহস্পতিবার হাসিমুখে প্রথম আলোকে বললেন, ‘এটা বুলে বুঝাতে পারব না, আজ আমার কত ভালো লাগছে। ওপরওয়ালা (সৃষ্টিকর্তা) আমার দিকে মুখ তুইলি তাকাইছে। আসলে স্কুলে পড়ার আনন্দই আলাদা। আমি মাধ্যমিক পড়ব।’
ফল কেমন হবে তা নিয়ে বুধবার সারা দিনই দুশ্চিন্তায় ছিলেন বাছিরন। রাতে তো ঘুমাতেই পারেননি। তাই ফল জানতে সকাল সকাল স্কুলে আসেন ৬৫ বছরের এ শিক্ষার্থী। সঙ্গে ছিল খুদে পাঁচ সহপাঠী। আরও ছিলেন বাছিরনের বড় ভাই আকবর আলী, ছেলে মহির উদ্দীন ও নাতি জাহিদ হাসান। বাছিরনের মুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট। তবে বেলা দুইটায় মুঠোফোনে ফল দেখার পরই সে উদ্বেগ কেটে হাসির ঝিলিক দেখা যায়।
বাছিরনের ফলে উচ্ছ্বসিত তাঁর বড় ভাই আকবর আলী। তিনি বলেন, বাছিরনকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করানো হবে।
বাছিরনকে অভিনন্দন জানাতে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটে আসেন মেহেরপুরের সংরক্ষিত নারী সাংসদ সেলিনা আকতার। তিনি নিজ হাতে মেহেরপুরের বিখ্যাত রসকদম দিয়ে বাছিরনকে মিষ্টিমুখ করান। সাংসদ প্রথম আলোকে বলেন, বাছিরনের পাসের মধ্য দিয়ে নারীরা আরও উৎসাহিত হবেন। বাছিরনের দাবি ছিল, তাঁর জরাজীর্ণ স্কুলভবনটি বাতিল করে নতুন ভবন নির্মাণের। এ ব্যাপারে গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।
বিকেলে বাছিরনের বাড়িতে ফুল নিয়ে হাজির হন ইউএনও আরিফ উজ জামান। সঙ্গে ছিলেন স্থানীয় মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল আহমেদ। ইউএনও ফুল দিয়ে বাছিরনকে অভিনন্দন জানান।
বাছিরনের বাড়ি গাংনীর হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ায়। গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দেন তিনি। স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস ছিল বাছিরন পাস করবেন। কিন্তু স্কুলসেরা হবেন, ভাবতেই পারিনি।’