পংকজ পুরকায়স্থকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা ছাত্রলীগের পদচ্যুত সভাপতি পংকজ পুরকায়স্থকে এবার সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের পাঠানো এক চিঠিতে বিষয়টি সিলেট জেলা ও নগর কমিটির নেতাদের জানানো হয়।পংকজকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার ও জেলা সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান।ছাত্রলীগ সূত্র জানায়, গত ২০ জানুয়ারি সিলেট এমসি কলেজে ঠিকাদারি কাজ নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী নজরুল হাকিমকে লাঞ্ছিত করেন পংকজ। এ ঘটনার প্রতিবাদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এমসি কলেজে সব উন্নয়নকাজ বর্জনের ঘোষণা দেয়। ২২ জানুয়ারি প্রথম আলোয় ‘ছাত্রলীগ নেতার আতঙ্কে কাজ বন্ধের সিদ্ধান্ত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই দিনই পংকজের সভাপতির পদ স্থগিত করে জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হিরণ মাহমুদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে লাঞ্ছনার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের একটি তদন্ত কমিটি ২৩ জানুয়ারি সিলেট সফর করে। পরে ওই কমিটি কেন্দ্রে প্রতিবেদন দাখিল করে। এই অবস্থায় ১৯ ফেব্রুয়ারি সিলেট এমসি কলেজে ছাত্রলীগের নবীনবরণে বহিরাগতদের নিয়ে অস্ত্রের মহড়া দেন পংকজ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে পংকজ পুরকায়স্থর প্রতিক্রিয়া জানতে গতকাল বৃহস্পতিবার তাঁর মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।