পইলে মাছের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বড় রুই, বোয়াল, চিতল, আইড়, বাগাড়সহ বিভিন্ন জাতের মাছ সাজিয়ে রাখা হয়েছে। কেউ কেউ মাছ কিনছেন। কেউ দেখছেন। দেখলে চোখ জুড়িয়ে যায়।
গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জের পইলে মাছের মেলায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌষসংক্রান্তি উপলক্ষে প্রতিবছরই হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের নতুন বাজার মাঠে এ মেলা বসে। প্রায় শত বছরের ধারাবাহিকতায় গতকাল বিকেলে এ মাছের মেলা বসে। চলে গভীর রাত পর্যন্ত।
মেলায় হবিগঞ্জের ভাটি উপজেলা বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, লাখাই ছাড়াও মৌলভীবাজারের শেরপুর ও কিশোরগঞ্জের ভৈরবসহ দেশের নানা স্থান থেকে মৎস্যজীবীরা মাছ নিয়ে আসেন।
৩৯ কেজি ওজনের একটি বোয়াল মাছের দাম হাঁকানো হয় ৪০ হাজার টাকা। ভৈরবের আড়ত থেকে আসা ৫৫ কেজি ওজনের একটি বাগাড় মাছের দাম চাওয়া হয় ৬০ হাজার টাকা। এ ছাড়া ছোট-বড় নানা জাতের মাছ মেলায় বিক্রি হয় তিন হাজার থেকে ৫০ হাজার টাকায়।
মাছ ছাড়াও এই মেলায় শীতের শাকসবজি, গরম কাপড়, কৃষিপণ্য, কাঠের আসবাব ও বিভিন্ন খাবারের দোকান ছিল।