পইলের মেলায় বাহারি মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের সদর উপজেলার পইল গ্রামে গতকাল রোববার মাছের মেলায় বাহারি মাছ দেখতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। প্রতিবছর ওই দিনে গ্রামের নতুন বাজারে বসে এ মাছের মেলা। গতকাল মেলায় গিয়ে জানা যায়, সকাল থেকেই মাছ বিক্রেতারা জড়ো হতে থাকেন নানা জাতের মাছ নিয়ে। মাছ বিক্রেতা আবদুল করিম ২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ডালায় সাজিয়ে রাখেন বিক্রির জন্য। এ বিশাল মাছ নিয়ে ক্রেতাদের আগ্রহ ছিল বেশি। বিক্রেতা এ মাছের দাম হাঁকেন ৪৫ হাজার টাকা। পাশাপাশি তিনি ১২ কেজির একটি আইড় মাছের দাম চান ২০ হাজার টাকা। শেরপুর থেকে মাছ বিক্রি করতে আসেন রফিক মিয়া। তিনি সাড়ে ১২ কেজি ওজনের চিতল মাছের দাম চান ২২ হাজার টাকা, ১০ কেজি ওজনের একটি রুই মাছের দাম চান ১৫ হাজার টাকা। শ্রীমঙ্গল থেকে আসা প্রিয়তোষ দে জানান, প্রতিবছর সুযোগ পেলেই তিনি এ মেলায় আসেন। এখানে নানা প্রজাতির মাছ দেখার সুযোগ হয় বলে জানান তিনি। লন্ডনপ্রবাসী মনির মিয়া জানান, অনেক দিন ধরে শুনে আসছেন পইলের মেলার ঐতিহ্য। তাই এবার কয়েকজন নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে এ মেলায় মাছ কিনতে নবীগঞ্জ উপজেলা থেকে এসেছেন।