পকেট কমিটি নিয়ে সম্মেলনের প্রস্তুতি, নেতা-কর্মীদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাতটি সাংগঠনিক ইউনিটের মধ্যে পাঁচটিতেই পকেট কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতেই ২৬ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি চলছে। এ কারণে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।দলীয় সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি বিকেলে পুঠিয়া কলেজ মাঠে পুঠিয়া পৌর আওয়ামী লীগ ও পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন চলাকালে পুঠিয়া-দুর্গাপুর আসনের সাংসদ কাজী আবদুল ওয়াদুদের অনুসারীরা প্রতিপক্ষের ওপর হামলা চালান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর সাংসদের অনুমতিক্রমে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সুশান্ত কুমার ঘোষ সম্মেলন স্থগিত করেন। তিনিও অনুষ্ঠানস্থল থেকে চলে যান। তাঁরা যাওয়ার পর আবদুল ওয়াদুদের অনুসারীদের নিয়ে পুঠিয়া ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের দুটি পকেট কমিটি ঘোষণা করা হয়।পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা দ্বীন মোহাম্মদ জানান, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে তিন হাজার টাকা দিয়ে ফরম কিনেছিলেন। অথচ সম্মেলন স্থগিত করে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। দলের নেতা-কর্মীরা এই কমিটি মানেন না।রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হীরা জানান, তিনি পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হওয়ার জন্য ফরম কিনতে গিয়েছিলেন। পকেট কমিটি করার নীলনকশা বাস্তবায়ন করার জন্য তারা তাঁর কাছে ফরম বিক্রি করেনি। কমিটি বাতিলের জন্য তাঁরা জেলা কমিটির কাছে আবেদন করবেন।২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার সরিষাবাড়ি উচ্চবিদ্যালয়ে জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাভুটি না করে আবদুল ওয়াদুদের অনুসারীদের নিয়ে পকেট কমিটি ঘোষণা করা হয়। গত ৩০ জানুয়ারি গঠন করা হয়েছে শিলমাড়িয়া ইউনিয়ন কমিটি। অভিযোগ রয়েছে, একই জায়গা একই দিনে বসে তিনটি করে ওয়ার্ডের পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে এলাকায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।বানেশ্বর ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস সাত্তার জানান, ১ জানুয়ারি বানেশ্বর ইউনিয়নের সম্মেলনের জন্য বানেশ্বর ডিগ্রি কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন সকালে সাংসদ তাঁকে ফোন করে নিজের বাড়ির পাশে বিড়ালদহ কলেজে আয়োজন করার জন্য নির্দেশ দেন। পরে আবদুল ওয়াদুদের চাচা মন্টু কাজীকে সভাপতি করে পকেট কমিটি ঘোষণা করা হয়।৩ ফেব্রুয়ারি মুঠোফোনে যোগাযোগ করা হলে আবদুল ওয়াদুদ জানান, জেলার নেতাদের উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবেই কমিটি গঠন করা হয়েছে।