পকেট খালি হচ্ছে নিম্ন আয়ের মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাফল ড্র ও জুয়ার প্রতিবাদে গতকাল ঠাকুরগাঁয়ে মানববন্ধন হয়েছে। ঠাকুরগাঁও পৌরবাসীর ব্যানারে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয় l ছবি: প্রথম আলো
র‍্যাফল ড্র ও জুয়ার প্রতিবাদে গতকাল ঠাকুরগাঁয়ে মানববন্ধন হয়েছে। ঠাকুরগাঁও পৌরবাসীর ব্যানারে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয় l ছবি: প্রথম আলো

মোটরসাইকেলের লোভে পড়ে প্রতিদিনই নিম্ন আয়ের মানুষ ২০ টাকা দিয়ে র্যা ফল ড্রয়ের টিকিট কিনছে। কেউ কেউ একাধিক টিকিটও কিনছে। রাতে ড্রয়ে কিছু না জুটলেও দমছেন না তারা। ভাগ্য জয়ের আশায় আবার টিকিট কিনছে। এভাবে যত টিকিট বিক্রি হচ্ছে, তত পকেট ভারী হচ্ছে র্যা ফল ড্রয়ের কর্তৃপক্ষের, আর পকেট খালি হচ্ছে নিম্ন আয়ের মানুষের।
ঠাকুরগাঁও জেলা শিল্প ও বণিক সমিতির আয়োজনে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলায় চলছে এ র্যা ফল ড্র। এদিকে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করে এটি বন্ধের দাবি জানিয়েছেন ঠাকুরগাঁও পৌরবাসী।
মেলা কমিটি সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি শহরের সাধারণ পাঠাগার চত্বরে জেলা শিল্প ও বণিক সমিতির আয়োজনে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়। মেলায় গতানুগতিক পণ্যের কয়েকটি দোকান নিয়ে মেলা চলার কারণে দর্শনার্থীর নজর কাড়তে পারেনি। মেলা কর্তৃপক্ষ আয় বাড়াতে মেলায় র্যা ফল ড্রয়ের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করে। গত ২৯ জানুয়ারি থেকে র্যা ফল ড্র আয়োজনের অনুমতি দেন জেলা প্রশাসক। সেদিন থেকে প্রতিদিন মেলায় উল্লাস নামে র্যা ফল ড্র চলছে। র্যা ফল ড্র পরিচালনা করছেন সিরাজুল ইসলাম। তিনি র্যা ফল ড্রয়ের বিপরীতে প্রতিদিন মেলা কমিটির তহবিলে একটি নির্দিষ্ট টাকা দেন। প্রতিদিনই পুরস্কার হিসেবে থাকছে দুটি মোটরসাইকেলসহ ৩৫টি পুরস্কার। শতাধিক রিকশা-ইজিবাইক নিয়ে শহর ও গ্রামে মাইক বাজিয়ে র্যা ফল ড্রয়ের টিকিট বিক্রি করছে মেলা কর্তৃপক্ষের লোকজন।
গতকাল শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে টিকিট বিক্রি করছিলেন বাবলু নামে এক যুবক। তিনি বলেন, প্রতিদিন একটি রিকশায় ২০ থেকে ২৫ হাজার টাকার টিকিট বিক্রি হয়। আগের দিন তিনি ২৩ হাজার টাকার টিকিট বিক্রি করেছিলেন। আজ চারটি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হবে। এ কারণে টিকিটের কাটতি অনেক বেশি।
আদালত চত্বরের হোটেল শ্রমিক আইয়ুব আলী বলেন, ‘প্রতিদিন তিনি ১০টি করে টিকিট কিনছেন। তবে এখনো তিনি কোনো পুরস্কার পাননি।’
শহরের রিকশাচালক আফজাল হোসেন বলেন, ‘প্রতিদিন পুরস্কার হিসেবে দামি মোটরসাইকেল দেওয়া হয়। মোটরসাইকেলের লোভে সাধারণ মানুষ একসঙ্গে একাধিক টিকিট কেনেন।’
মেলায় প্রতিদিন রাত পর্যন্ত ড্রয়ের অনুষ্ঠান চলে। নাম না প্রকাশ করার শর্তে আয়োজক কমিটির একজন সদস্য বলেন, র্যা ফল ড্র থেকে প্রতিদিন তাঁদের চার থেকে পাঁচ লাখ টাকা আয় হচ্ছে।
এদিকে এসএসসি পরীক্ষা চলাকালে মেলা ও মেলায় র্যা ফল ড্রয়ের প্রতিবাদে গতকাল শহরে ঠাকুরগাঁও পৌরবাসীর ব্যানারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার সাবেক চেয়ারম্যান আকবর হোসেন, শিক্ষাবিদ মনোতোষ কুমার দে, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দিন প্রমুখ। এ সময় এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক দবিরুল ইসলাম অভিযোগ করে বলেন, এখন এসএসসি পরীক্ষা চলছে। সন্ধ্যা হলেই উচ্চ স্বরে মাইক বাজিয়ে র্যা ফল ড্রয়ের টিকিট বিক্রি হয়। আর রাত ১১টা পর্যন্ত চলে ড্রয়ের কাজ। এ সময় পরীক্ষার্থীদের পড়ায় মন বসে না। র্যা ফল ড্রয়ের এই আয়োজন বন্ধ করা উচিত।
তবে মানববন্ধন শেষে আদালত চত্বরে টিকিট বিক্রির সময় র্যা ফল ড্রয়ের এক কর্মীকে মারধর ও টিকিট বিক্রির কাজে ব্যবহৃত রিকশা ও মাইক ভাঙচুর করেন একদল যুবক।
এ ব্যাপারে র্যা ফল ড্রয়ের আয়োজক সিরাজুল ইসলাম বলেন, র্যা ফল ড্র চললেও সবাইকে ম্যানেজ করে ও পুরস্কার দিয়ে খুব একটা টিকছে না।