পকেটমার আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে একটি মামলার আসামিপক্ষের লোকজন বাদীকে অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আইনজীবী ও বাদীপক্ষের লোকজনের পিটুনিতে আসামিপক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।ফতুল্লার নন্দলালপুর পিলকুনি এলাকার জমির আলী জানান, একটি জমির মালিকানা নিয়ে তাঁদের সঙ্গে একই এলাকার মজিবুর, আজিজুল, ইসরাফিল ও ফয়েজের বিরোধ রয়েছে। আদালত তাঁদের পক্ষে রায় দিলেও জমি দখল না পেয়ে তাঁরা গত জুনে আদালতে মামলা করেন। এতে ওই চারজনকে বিবাদী করা হয়।জমির আলী অভিযোগ করেন, গতকাল সকালে আদালতে এসে মামলার খোঁজখবর নিয়ে বাড়ি ফেরার পথে আদালতের বাইরে তাঁর গতিরোধ করেন মামলার বিবাদী চারজনসহ মোট পাঁচজন। একপর্যায়ে তাঁরা জমির আলীকে পকেটমার আখ্যা দিয়ে একটি মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা চালান। এ সময় তিনি চিৎকার দিলে আইনজীবী ও তাঁর পক্ষের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং ওই পাঁচজনকে মারধর করেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।