পকেটমারার ও মাদক বিক্রির দায়ে দণ্ড
পকেটমারার অপরাধে বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাবনার চাটমোহরে গত সোমবার মাদক বিক্রির দায়ে আদালত আরেক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।আদমদীঘিতে দণ্ড পাওয়া ব্যক্তির নাম সানোয়ার হোসেন (৪৫)। তাঁর বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়। রেলওয়ে পুলিশের ভাষ্যমতে, গতকাল সকালে সান্তাহার রেলস্টেশনে রেলযাত্রীদের পকেটমারার সময় পুলিশ তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা মিজানুর রহমান তাঁকে কারাদণ্ড দেন। চাটমোহরে দণ্ড পাওয়া ব্যক্তির নাম আমিরুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি উপজেলার আনকুটিয়া মধ্যপাড়া গ্রামে। চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সোমবার বিকেলে পুলিশ মথুরাপুর খেলার মাঠ থেকে তাঁকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ শাহ মাদক বিক্রির দায়ে তাঁকে কারাদণ্ড দেন।