
রাজধানীর দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লা জঙ্গি হিরনের কাছে থাকা ব্যাগে কী আছে তা জানতে চান। হিরনের পকেটে কী আছে তা বের করতে বলেন। ঠিক তখনই হিরন পকেট থেকে চাকু বের করে ইব্রাহীমের পেটে ছুরি মেরে পালিয়ে যান। ইব্রাহীম হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে এ তথ্য উঠে এসেছে।
গত ২৭ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বিচারের জন্য ওই অভিযোগপত্র ১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
ইব্রাহীম মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জেএমবির নেতা হিরন বন্দুকযুদ্ধে মারা গেছেন। তাই তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসামি করা হয়েছে জেএমবির দুই সক্রিয় সদস্য মাসুদ রানা ওরফে সুমন (২৪) ও রুবেল ইসলাম ওরফে রুবেল মিয়াকে (২২)। এ দুজনই কারাগারে আছেন।
গত বছরের ২২ অক্টোবর রাতে রাজধানীর গাবতলী এলাকায় তল্লাশিচৌকিতে এক সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশির সময় দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরি মেরে হত্যা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মতলুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘মামলার প্রধান আসামি হিরন ওরফে কামাল বন্দুকযুদ্ধে মারা গেছেন। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলেও তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছি ২৭ জুন।’
আদালত সূত্র বলছে, অভিযোগপত্রে মামলার দায় থেকে আট আসামিকে অব্যাহতির আবেদন করা হয়েছে। ওই আটজন হলেন শেখ রফি আহম্মেদ (৬২), চিকিৎসক মো. ইউনুছ আলী (৫৮), মাসুদ রানা ওরফে রিভতী (২১), খন্দকার ইব্রাহীম হাসান (৫২), চিকিৎসক তৌফিকুর রহমান (৬৫), মিজানুর রহমান (২৫), নিজাম উদ্দিন (৬২) এবং বেলাল হোসেন বেলাল (৩৮)। এঁদের মধ্যে ছয়জনকে ঘটনার পরপরই পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অপর দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান।
এএসআই ইব্রাহীম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেন মাসুদ রানা ও রুবেল ইসলাম। মাসুদ রানা জবানবন্দিতে বলেন, ‘ঘটনার দিন সাভার ইপিজেড থেকে গাবতলীর দিকে যাচ্ছিলাম। তখন রাত আটটা। বাস থেকে প্রথমে নামে সজীব, এরপর আমি। সবার শেষে নামে হিরন। হিরনের কাছে ব্যাগ ছিল। তাঁর ব্যাগে ছিল একটা ক্যামেরা। চেকপোস্ট থেকে একজন পুলিশ এসে হিরনের হাত ধরে, বলে ব্যাগে কী আছে? হিরন পুলিশকে বলে, চলেন আলোর সামনে যাই। হিরন ও পুলিশ যেদিকে যাচ্ছিল, আমি ও সজীব তাঁর উল্টো দিকে যাচ্ছিলাম। আমাকে তল্লাশি করে পুলিশ কিছুই পাইনি। চেকপোস্টের কাছে এসে দেখি, হিরন পেছনে তাকাচ্ছিল আর সামনের দিকে দৌড়াচ্ছিল।’
অপর আসামি সজীব আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ‘আমাদের সংগঠনের নোমান নামের এক ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। আমরা পুরোপুরি কারও ঠিকানা জানি না। মাসুদ ও আমি কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকি। ঘটনার দিন পোশাকধারী পুলিশ যখন হিরনের ব্যাগ চেক করছিল, তখন হিরন পকেট থেকে চাকু বের করেন। এর পরপরই ওই চাকু দিয়ে পুলিশের পেটে উপর্যুপরি আঘাত দিয়ে দৌড় দেন। আমিও হিরনের সঙ্গে দৌড় দিই। বেড়িবাঁধ হয়ে মোহাম্মদপুরে আসি। পরে আমরা কামরাঙ্গীরচরে আসি। সেখানে আরমানের বাসায় থাকি। হিরন চলে যান।’