পক্ষ, বিপক্ষ আর দ্বিধাদ্বন্দ্বে থাকা মানুষজনের কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার শেষ সময়ের প্রস্তুতি। ছবি: সাইফুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার শেষ সময়ের প্রস্তুতি। ছবি: সাইফুল ইসলাম

বর্ষবরণ উৎসব আর মঙ্গল শোভাযাত্রা দিয়েই শুরু হলো ১৪২৪ সাল। সদ্য বিদায় নেওয়া বছরের শেষ কয়েক সপ্তাহজুড়ে হেফাজতে ইসলামসহ কিছু ধর্মীয় গোষ্ঠী বাংলা নববর্ষ উদ্‌যাপনের এই আয়োজনগুলো বর্জন করতে বলে আসছিল। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বৈশাখী দেয়ালচিত্রে পোড়া মবিল ঢেলে দেওয়ার ঘটনা বিতর্ককে আরও উসকে দিয়েছে। মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পরিবর্তন, সুপ্রিম কোর্ট চত্বরের ভাস্কর্য অপসারণের দাবি বা কওমি মাদ্রাসার শিক্ষাসনদের স্বীকৃতির মতো ঘটনাগুলো এই বিতর্কের অনুষঙ্গী হয়েছে।
বিদায়ী বছরের শেষ দিনে প্রথম আলোর ৮ জন সাংবাদিক ঢাকার বিভিন্ন এলাকায় নানা বয়স ও পেশার ৪৪ জন নারী আর ৫০ জন পুরুষের সঙ্গে কথা বলে এসব বিষয়ে তাঁদের চিন্তাভাবনা-মতামত জানতে চেয়েছিলেন। কী বলেছেন তাঁরা? তর্ক-বিতর্কের মূল ভাবগুলো কী? কথাবার্তা ছেঁকে কোন চুম্বক মন্তব্যগুলো কানে লেগে থাকে?
সাক্ষাৎকারদাতাদের বড় অংশটিই নববর্ষ পালন আর মঙ্গল শোভাযাত্রা করার পক্ষে। অনেকেই মনে করেন, বাঙালির এই উৎসবের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। মোট ৯৪ জন সাক্ষাৎদাতার ৬৪ জন এ উদ্‌যাপনের পক্ষে কথা বলেছেন।
আর ১৯ জন বলেছেন, ধর্মে এগুলো পালন করা নিষেধ। তাঁরা অনেকে ওয়াজ বা মসজিদে এমন কথা শুনেছেন। তবে এ সম্পর্কে তাঁদের স্পষ্ট ধারণা নেই। বাদবাকি ১১ জনের মনে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। এঁদের অনেকে মুখে বিরোধিতা করছেন বা মনে প্রশ্ন আছে, তবে উৎসব ঠিকই পালন করছেন।
উদ্‌যাপনের পক্ষে থাকা মানুষজনদের কেউ কেউ আবার বলছেন, যার ইচ্ছা সে উৎসব পালন করবে। যার ইচ্ছা নেই সে করবে না। তবে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা বাড়াবাড়ি করা যাবে না। কেউ কেউ মনে করছেন, রাজনীতির কারণে এ বিরোধগুলো উসকে দেওয়া হচ্ছে। আর অনেকেই উৎসবের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় আছেন।
মো. রফিকুল ইসলাম (৫৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় শ্রেণির কর্মচারী। ২২ বছর ধরে কাজ করছেন। বললেন, শোভাযাত্রা বা পয়লা বৈশাখ উদ্‌যাপনের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এ বিতর্ক এখন কেন? এ উৎসব তো দেশের গ্রামেগঞ্জে আরও অনেক আগ থেকেই হয়ে আসছে। তবে এটা ঠিক, এখন এ উৎসব আরও বড় করে হচ্ছে।
ধানমন্ডির মেট্রো শপিং মলের দোকানমালিক মো. রানা হামিদের (৪৫) কথা, ‘পয়লা বৈশাখ হইলো আমাগো বাঙালির উৎসব। কে কী মনে করল জানি না। বাঙালি হিসেবে আমরা পালন করতে পারি। বাজে কিছু তো করতেছিনা। পান্তা ভাত খাব। বউ-বাচ্চা নিয়া যাব। একসাথে সময় কাটাব। নাতি, দুই ছেলে তাঁদের বউ সবাইকে নিয়ে আনন্দ-উৎসব করব।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইলেকট্রনিক্সের দোকানমালিক সোহরাব আলী (৫০) অবশ্য পয়লা বৈশাখ উদ্‌যাপন, মঙ্গল শোভাযাত্রা একদম পছন্দ করেন না। অথচ তিন-চার বছর আগেও তিনি তাঁর পরিবার ও সন্তানদের নিয়ে রমনায় যেতেন, পান্তা-ইলিশ রান্না করতেন। এখন তিনি বলেন, ‘এটা নিয়ে মাতামাতির তো কিছু নেই। পয়লা বৈশাখে প্যাঁচার মুখ, ঘোড়ার মুখ থাকে, নানা পুতুল থাকে, এটা তো আমাদের ধর্মে নেই। আলেমরা সঠিকভাবে বলতে পারবেন ধর্মের কোথায় এই নিষেধ আছে। গত জুমায়ও ইডেন মসজিদের ইমাম খুতবায় বলেছেন, এই যে প্যাঁচার মুখোশ পরে, কেন পরে? আল্লাহ-তাআলা এত সুন্দর একটা চেহারা দিছে, প্যাঁচা পরমু কেন? কেমন দেখায়?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তরপড়ুয়া এক শিক্ষার্থী বলেছেন, একজন মুসলমান হিসেবে তিনি মনে করেন এই মঙ্গল শোভাযাত্রায় হিন্দুধর্মের রীতিনীতি অনুসরণ করে অনেক কিছু করা হয়। এটা ‘শিরক’। শোভাযাত্রার মাধ্যমে শুভকামনা বা মঙ্গল আসলে কার কাছে চাওয়া হচ্ছে?
তবে বিজ্ঞাপন ও নাটক নির্মাতা একটি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ৩৫ বছর বয়সী আরিফ বললেন, ‘মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিরোধের একটি কারণ, বাংলা চর্চার অভাব। মঙ্গল অর্থ যে শুভ তা আমরা ভুলে গেছি। এখন মনে করা হয়, মঙ্গল মানে হিন্দু। মঙ্গলবার মানে খারাপ দিন। অর্থ না বোঝার কারণে এটা অনেকের কাছে হিন্দুয়ানি হয়ে গেছে। ভাষার র্চচা বাড়াতে হবে। আমরা সালাম দিই। এর অর্থও তো মঙ্গল কামনা।’
মেট্রো শপিং মলের বিক্রয়কর্মী মুক্তা আক্তার (২০) বললেন, ‘বাবা বলেছেন এটা হিন্দুদের উৎসব। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় এইটা বাঙালির উৎসব।’ চকবাজারে কেনাকাটা করতে আসা কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহনাজ পারভীনও বলেন, ‘এটা আমাদের জাতীয় উৎসব।’
আরেক শিক্ষক আফরোজ বেগম বলেন, ‘নববর্ষ উদ্‌যাপনে ধর্মের কোনো সমস্যা নাই। সবাই যার যার মতো ধর্ম পালন করবে। ফজরের নামাজ পড়ে আসবেন আবার গিয়ে জোহরের নামাজ পড়বেন। তাতে কোনো সমস্যা দেখি না।’ তবে সরকার যেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে, এটাই তাঁর চাওয়া।
ধানমন্ডিতে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক মধ্যবয়সী নারীর কথা, ‘আমি নামাজ পড়ি দেখে যে সংস্কৃতি ভুলে যাব, তা তো না। আমার একদিকে ধর্ম; অন্যদিকে সংস্কৃতি। কিন্তু বাড়াবাড়ি বা বেসামাল কিছু যেন না হয়। মেয়েদের সঙ্গে বেলেল্লাপনা যেন না হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের এক ছাত্রী প্রতিবছর মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। তিনি বলেন, এবার গ্রাম থেকে মা আসবেন। যদি রোদ কম থাকে, তাহলে মাকে সঙ্গে নিয়ে যাবেন। তিনি বলেন, শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। দেশে সহিংসতা-অস্থিরতার কিছু ঘটনা ঘটছে। তাই বলে মাথাব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হবে?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র আবদুন নূর মনে করেন, ঐতিহ্য হিসেবে নববর্ষ পালনের পাশাপাশি ধর্মীয় বিষয়েও সংবেদনশীল হতে হবে। নববর্ষের দিনটা শুক্রবার। তাই জুমার নামাজে যাতে সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্য ধর্মীয় লোকদের সুবিধা-অসুবিধার প্রতিও যত্নবান হতে হবে।
একটি প্রকাশনা সংস্থায় কর্মরত সাগর ইসলাম (৩৭) যাত্রাবাড়ীর এক মাদ্রাসা থেকে কামিল পাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি বলেন, ‘আমার জানামতে, মঙ্গল শোভাযাত্রায় কোনো প্রতিকৃতির পূজা করা হয় না। তাহলে সমস্যা কোথায়?’
স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তকে হেফাজতের দাবি মেটানো পরিবর্তনগুলো, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানো, এসব প্রসঙ্গ তুলে সাগর বললেন, রাষ্ট্র পুরো দেশকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। তাঁর কথায়, ‘দেশ ধর্মপন্থী ও প্রগতিশীল—এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আর এখন এক পক্ষ অন্য পক্ষকে ভুল প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত।’
ব্যাংক কর্মকর্তা মাহমুদ হেলালও মনে করেন, উৎসব করা না-করা যার যার ব্যাপার। তবে তাঁর কথা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়ালচিত্রে পোড়া মবিল ঢালার ঘটনার পরও সরকার চুপ করে আছে। তার মানে, এতে সরকারের নীরব সম্মতি আছে। আর সুপ্রিম কোর্ট চত্বরের ভাস্কর্য ভাঙার দাবির প্রশ্নে সরকার খোলাখুলিই হেফাজতের পক্ষ নিয়েছে। তবে তিনি বলেন, ‘আমাদের উৎসব আমরা করব।’
এদিকে পয়লা বৈশাখ ঘিরে উৎসব-উদ্‌যাপনের সঙ্গে জীবন-জীবিকার ওতপ্রোত সম্পর্কের দিকটি স্পষ্ট হয়ে আসে নোয়াখালীর মো. লিটন হোসেনের (৩৫) কথায়। অথবা বলা যায়, তাঁর কথার সঙ্গে কাজের বেমিলের মধ্য দিয়ে।
লিটন কারওয়ান বাজারে থাকেন। রাতে শ্রমিকের কাজ করেন, আর দিনে ডাব বিক্রি করেন। তিনি পয়লা বৈশাখ উদ্‌যাপনের পক্ষপাতী নন—‘মূর্তি বানাইয়া রাস্তায় বাইর হওয়া হারাম। মসজিদের হুজুর এডাই কইছে।’ তবে লিটন কিন্তু দুই বছর ধরেই তাঁর ভ্যানগাড়িটি ঠেলে বৈশাখের উৎসবে রমনায় যাচ্ছেন। ডাব বিক্রি করতে।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আরিফা আলম, মুশফেকা ইসলাম, নাসরিন আক্তার, অর্ণব স্যান্যাল, আহমেদ দীপ্ত, সুহাদা আফরিন, মো. লুৎফর জামান ও শরীফ নাসরুল্লাহ।