ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজীকে সাত দিনের মধ্যে অপসারণ করার দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গত রোববার বিকেলে উপজেলার বড়ঘোপ বাজারে স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন দলের নেতারা।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর অভিযোগ করেন, ২২ মার্চের ইউপি নির্বাচনে ইউএনও নিরপেক্ষ ভূমিকা রাখতে পারেননি। তিনি বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। সাত দিনের মধ্যে ইউএনওকে অপসারণ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ইউএনওর কারণে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আরিফ মোশারফ ও কৈয়ারবিল ইউনিয়নে মো. আজমগীর পরাজিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফ্ফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা, সহসভাপতি আবু ইউছুফ মাতবর প্রমুখ।
সংবাদ সম্মেলনের আগে দক্ষিণ ধুরুং বাজারে ইউএনওর অপসারণ দাবিতে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা কমান্ডার মোজাফ্ফর আহমেদ অভিযোগ করেন, ‘ইউএনও নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীকে সহযোগিতা দিয়েছেন। তাই আমরা তাঁর অপসারণের দাবিতে মাঠে নেমেছি।’
তবে জামায়াত-বিএনপির পক্ষ অবলম্বনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে ইউএনও সালেহীন তানভীর গাজী বলেন, ২২ মার্চের নির্বাচনে তিনি কোনো দায়িত্বে ছিলেন না।
তিন কেন্দ্রে ভোট পুনঃগণনার দাবি: উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ২ নম্বর ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাক সাইক্লোন শেল্টার ও জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন এই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আল আজাদ। গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে এ দাবি জানান তিনি।
আলাউদ্দিন আল আজাদ অভিযোগ করেন, নির্বাচনের দিন এই তিনটি কেন্দ্রে ব্যাপক কারচুপি, ব্যালট ছিনতাই, ভোট গণনায় গরমিল এবং প্রকৃত ভোটকে অবৈধ দেখিয়ে ফলাফল পরিবর্তন করা হয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তিন কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ পাঠানো হয়েছে।