একটি দুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের করা আপিলে পক্ষভুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় পক্ষভুক্ত হতে অনুমতি চেয়ে দুদক আবেদন করে।গতকাল মঙ্গলবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুদকের আবেদন মঞ্জুর করে আদেশ দেন।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, এরশাদের আপিলে দুদককে পক্ষভুক্ত হতে অনুমতি দিয়েছেন আদালত। অবকাশ শেষে আগামী ৮ জুলাই আদালত খুলবে। তখন আপিল শুনানির জন্য আবেদন করা হবে।আদালত সূত্র জানায়, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি বলে অভিযোগ ওঠে। তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক সালেহ উদ্দিন আহমেদ ১৯৯১ সালের ৮ জানুয়ারি সেনানিবাস থানায় এ নিয়ে মামলা করেন। মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা আর্থিক অনিয়মের অভিযোগও আনা হয়। ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ওই মামলার রায়ে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদের তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে ওই অর্থ ও একটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি বাজেয়াপ্তের আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে এরশাদ ওই বছরই হাইকোর্টে আপিল করেন। আদালত আপিল গ্রহণ করে বাজেয়াপ্তের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। সেই সঙ্গে নিম্ন আদালতের নথিও তলব করা হয়।গত ২০ বছরে এই আপিলের ওপর শুনানি হয়নি। চলতি বছরের ১৩ জুন আপিলে পক্ষভুক্ত হতে দুদক আবেদন করে। ২৫ জুন আবেদনটি আদালতে দাখিল করা হয়। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম।দীর্ঘ সময় পর পক্ষভুক্ত হতে আবেদন করার বিষয়ে জানতে চাইলে গতকাল বিকেলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, অবগত না থাকার কারণে অনেক সময় দুর্নীতির মামলা নিষ্পত্তি হয়ে যায়। এ ছাড়া সব দুর্নীতির মামলায় দুদককে পক্ষভুক্ত করার আইনি বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব বর্তমানে আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বিবেচনায় রয়েছে। এর ধারাবাহিকতায় পক্ষভুক্ত হতে আবেদনটি করা হয়।