পক্ষাঘাতগ্রস্ত রোগী ভাঙচুর মামলার আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে পক্ষাঘাতগ্রস্ত এক রোগীর বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মোস্তফা গত সোমবার মামলাটি করেন। পক্ষাঘাতগ্রস্ত রোগী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বুড়া মিঠুসহ মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে গোলাম মোস্তফা উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তিনি কর্মীদের নিয়ে তিলকপুরে নির্বাচনী প্রচারণা শেষে জয়পুরহাটে ফিরছিলেন। পথে আক্কেলপুর রেলগেটের ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তায় পৌঁছামাত্র আসামিরা লাঠিসোঁটা নিয়ে গাড়িবহরের মিনি ট্রাক ও মোটরসাইকেল ভাঙচুর এবং নেতা-কর্মীদের এলোপাতাড়ি মারপিট করে। আসামি উৎপল চৌধুরী হত্যার উদ্দেশে বাদীর বুকে ছোরা মারার চেষ্টা করলে কর্মীরা তাঁকে উদ্ধার করেন।স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠেয় জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। মামলার আসামিরা বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের অনুসারী। তিনিও এবার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। গোলাম মোস্তফা নির্বাচনী প্রচারণায় ২৪ সেপ্টেম্বর রাতে আক্কেলপুরে পৌর সদরে আসেন। ওই রাতে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাগিবতণ্ডা হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে, আক্কেলপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বুড়া মিঠু এক বছর আগে পক্ষাঘাতে আক্রান্ত হন। তাঁর একটি হাত ও পা অকেজো। তিনি স্পষ্টভাবে কথাও বলতে পারেন না। অন্যের সহযোগিতায় তাঁকে চলাচল করতে হয়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজার রহমান প্রথম আলোকে জানান, মামলার আসামি বুড়া মিঠুর স্থলে মিঠু ও বাবার নাম ময়েনউদ্দিনের স্থলে আকরাম হোসেন উল্লেখ করে বাদী মামলার একটি আবেদন বুধবার থানায় দিয়েছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহজাহান আলী বলেন, মামলায় নাম-ঠিকানা সঠিক না থাকলে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দিতে পারেন। তবে তথ্য সঠিক না থাকলে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।এ ব্যাপারে বাদী গোলাম মোস্তফার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।