পক্ষাঘাতগ্রস্ত রোগীদের গর্তে রেখে চিকিৎসা!
মাটিতে একটি গর্ত করা হয়েছে। গর্তটির গভীরতা প্রায় পাঁচ ফুট। ওই গর্তের মধ্যে নয়া মিয়াকে নামিয়ে রাখা হয়েছে। নয়া মিয়ার শরীর কাঁপছে। পাশে বসে ঝাড়ফুঁক দিচ্ছেন এক কবিরাজ।নয়া মিয়া (৬০) পক্ষাঘাতগ্রস্ত। তাঁকে সুস্থ করে তোলার জন্য এভাবেই অভিনব কায়দায় চিকিৎসা দিচ্ছেন কবিরাজ জামালউদ্দিন।গত রোববার লালমনিরহাটের আদিতমারী উপজেলার টিঅ্যান্ডটি পাড়া গ্রামে গিয়ে চিকিৎসার নামে এক বৃদ্ধ লোককে বুক পর্যন্ত গর্তের মধ্যে রেখে শারীরিকভাবে ‘শাস্তি’ দেওয়ার এ দৃশ্য দেখা গেছে। কবিরাজের নির্দেশ অনুযায়ী, নয়া মিয়াকে প্রতিদিন সকাল ও বিকেলে আধা ঘণ্টা করে গর্তে রাখা হচ্ছে। সাত দিন ধরে তাঁকে এভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।লালমনিরহাটের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার বলেন, প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের অভিজ্ঞ ও দক্ষ স্নায়ুরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা দেওয়া হলে ভালো ফল পাওয়া যেতে পারে। কবিরাজের ঝাড়ফুঁক ও মন্ত্রের চিকিৎসায় এ রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। গর্তে দাঁড় করিয়ে রাখা হলে তাঁর অবস্থা আরও খারাপ হবে।নয়া মিয়ার বাড়ি টিঅ্যান্ডটি পাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত। তাঁর ছেলে আলী আকবর সাত দিন আগে জামালউদ্দিনকে তাঁদের গ্রামে নিয়ে আসেন। তাঁর সঙ্গে আছেন আরও তিনজন। তাঁরা হলেন ছেলে সোলেমান আলী এবং ইব্রাহিম খলিল ও জাহান উদ্দিন। তাঁদের মধ্যে ইব্রাহিম খলিল ও জাহান উদ্দিন মন্ত্র উচ্চারণ করে ঢোল পিটিয়ে গান গান।জামাল উদ্দিনের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর গ্রামে। তাঁর বাবা কবিরাজ তসলিম উদ্দিনও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের চিকিৎসা দিতেন।জামাল উদ্দিন জানান, এভাবেই স্বাধীনতার পর থেকে তিনি পক্ষাঘাতগ্রস্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তিনি দাবি করেন, এ ধরনের রোগীকে গর্তের মধ্যে এক সপ্তাহ রাখলে তাঁর কোমর সোজা হবে এবং রোগী ধীরে ধীরে হাঁটতে পারবেন। এভাবে কমপক্ষে ১৫ দিন এ চিকিৎসা চলবে। এ পর্যন্ত কতজন রোগী সুস্থ হয়েছেন জানতে চাইলে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে বলেন, অনেকেই ভালো হয়েছে।স্থানীয় লোকজন জানায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নাচগানের পাশাপাশি কুপি বাতি জ্বালিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। নয়া মিয়ার ছেলে আলী আকবর বলেন, ‘সবাই বলে সাধারণ চিকিৎসায় বাবা ভালো হবে না। তাই কবিরাজি চিকিৎসা দিচ্ছি। আমি এ পর্যন্ত বাবার চিকিৎসায় বিভিন্ন কবিরাজের পেছনে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করেছি।’ তিনি আরও জানান, কবিরাজ ও তাঁর সঙ্গীদের প্রতিদিন খাওয়ার খরচ দেওয়া হচ্ছে। রোগী সুস্থ হলে তাঁদের বকশিশ দেওয়া হবে।