পটুয়াখালী জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের বিরোধ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। নতুন কমিটি গঠনের খবরে আলতাফ চৌধুরীর সমর্থকেরা বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করে। গতকাল শুক্রবার সকালে নতুন কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে অপর পক্ষ। তারা আলতাফ হোসেন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, কমিটি বাতিলের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় স্থানীয় লঞ্চঘাট চত্বর থেকে মিছিল নিয়ে পুরোনো আদালত মাঠ এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মাহাবুব, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, আলমগীর হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘোষিত নতুন কমিটি বাতিল করে সাত মাস আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃণমূলের কাউন্সিলরদের ভোটে নির্বাচিতদের নাম ঘোষণার দাবি জানান।বিএনপি নেতা শাহাদাৎ মৃধা বলেন, সাত মাস আগে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলকে সুসংগঠিত করতে পটুয়াখালী জেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাউন্সিলরদের ভোটে আবদুর রশিদ চুন্নু মিয়া ও তিনি সর্বোচ্চ ভোট পান। কিন্তু তৃণমূলের রায়কে অবজ্ঞা করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কারণে তৃণমূল নেতা-কর্মীরা নতুন এ কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন।তবে নতুন কমিটির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া জানান, বিএনপি একটি বড় দল। আর বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা যেমন থাকবে, তেমনি থাকবে কিছু কুচক্রী। এরা দলকে ক্ষতি করতে চায়। তাই ক্ষমতাসীন দলের সহযোগিতায় এ ধরনের কর্মকাণ্ড চালছে। তবে নতুন কমিটির নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধভাবে তৃণমূলের নেতা-কর্মীদের পূর্ণ সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি।বৃহস্পতিবার বিকেলে ফ্যাক্স বার্তায় আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও এম এ রব মিয়াকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের কাছে জমা দিতে বলা হয়েছে।