সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার পর কমিটির পক্ষে-বিপক্ষে দলের বিবদমান দুই পক্ষ শহরে মিছিল করেছে। গতকাল সোমবার বিকেলে শহরে এক পক্ষ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করলে ট্রাফিক পয়েন্ট এলাকায় অপর পক্ষের কর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হন।দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির ‘দুই পদ’ ঘোষণার দেড় বছর পর গত বুধবার দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। কমিটিতে সাবেক সাংসদ মোহাম্মদ ফজলুল হক আছপিয়াকে সভাপতি, সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলনকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে।এরপর এই কমিটি বাতিলের দাবিতে গত রোববার বিকেলে শহরে বিক্ষোভ করেন আছপিয়ার পক্ষের নেতা-কর্মীরা। তাঁরা মিছিলে দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান ও এম ইলিয়াছ আলীর বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং তাঁদের কুশপুত্তলিকা দাহ করেন। মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে সভায় বক্তব্য দেন বিএনপির নেতা ওয়াহিদ আহমদ, আবুল মনসুর শওকত, নুরুল ইসলাম, ফারুক আহমদ, কামরুজ্জামান প্রমুখ। গতকাল বিকেলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শহরের স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে নতুন কমিটির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন ও সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্টে পৌঁছালে অপর পক্ষের কিছু কর্মী মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন। গুরুতর আহত মুহিনুর ইসলাম, শামসুল হক, রেজু আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দেওয়ান জয়নুল জাকেরীন, কলিম উদ্দিন আহমদ মিলন, ফারুক আহমদ প্রমুখ।জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি মোহাম্মদ ফজুলল হক আছপিয়া বলেন, ‘যেহেতু কেন্দ্র থেকে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, তাই এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’ অপর পক্ষের নেতা দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘নতুন কমিটি অনুমোদন দেওয়ায় আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মিছিল করছিলাম। সেই মিছিলে কিছু লোক হামলা চালায়। পরে অবশ্য ধাওয়া খেয়ে তারা পালিয়েছে।’ দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। ২০০৯ সালের নভেম্বরে দুই পক্ষ একই দিনে পৃথকভাবে জেলা সম্মেলন করে কমিটি ঘোষণা করে। পরে কেন্দ্র থেকে ফজলুল হক আছপিয়াকে সভাপতি ও রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু অপর পক্ষ তা মেনে নেয়নি। এরপর কেন্দ্র থেকে কয়েক দফা সমঝোতার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।