কক্সবাজারের রামু উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক জোতির্ময় বড়ুয়া এবং বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের নেতৃত্বে মিছিল-সমাবেশ করা হয়।একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে চৌমুহনী স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা থমথমে অবস্থা বিরাজ করে। তবে হেলাল উদ্দিন নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানালেও ওই কমিটির সভাপতি মো. সালাহ উদ্দিন নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। ছাত্রলীগের কয়েকজন সাধারণ কর্মী জানান, ছাত্রলীগের রামু উপজেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২ নভেম্বর ১৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কক্সবাজার জেলা ছাত্রলীগ। এ কমিটিতে জোতির্ময় বড়ুয়া রিগ্যানকে আহ্বায়ক, মো. ফিরোজ মিয়া, ইমরান উদ্দিন আহমেদ রুবেল, রাশেদ আলী, ফয়সাল বিন আযাদ, মো. জাবেদ ও নূর হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। দীর্ঘদিন পর পুরোনো কমিটি বাতিল করে নতুন কমিটি হওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। এ কমিটি বাতিলের দাবিতে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় মিছিল শেষে চৌমুহনী স্টেশনে হেলাল উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বিলুপ্ত কমিটির সহসভাপতি শফিকুর রহমান কাজল ও ওসমান গণি, সাংস্কৃতিক সম্পাদক সাজু বড়ুয়া, আইনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন। হেলাল উদ্দিনের অভিযোগ, সংগঠনের গঠনতন্ত্র না মেনে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মোটা অঙ্কের উৎকোচ নিয়ে তাঁদের ইচ্ছেমতো আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এ কমিটিকে জেলা ছাত্রলীগের পকেট কমিটি বলে দাবি করা হয়। নতুন কমিটির আহ্বায়ক জোতির্ময় বড়ুয়া রিগ্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ মিয়া, ইমরান উদ্দিন আহমেদ রুবেল, রাশেদ আলী, ফয়সাল বিন আযাদ, মো. জাবেদ ও নূর হোসেন; সদস্য মোশাররফ হোসেন, টিটু বড়ুয়া, আনচারুল হক, সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। আহ্বায়ক জোতির্ময় বড়ুয়া জানান, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর ছাত্রলীগের সব নেতা-কর্মীর মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে নতুন কমিটির নেতারা ছাত্রলীগের কর্মকাণ্ড গতিশীল করতে সাংগঠনিক প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন। এ অবস্থায় অবৈধ কমিটি বলে তাঁরা ষড়যন্ত্র শুরু করেন। ছাত্রলীগের সব নেতা-কর্মী আহ্বায়ক কমিটির পক্ষে। পুরোনো কমিটির সভাপতিও তাঁদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। তিনি দাবি করেন, হেলাল উদ্দিনের সমাবেশে তিনি ছাড়া সবাই ছিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী।বিদায়ী কমিটির সভাপতি মো. সালাহ উদ্দিন জানান, প্রায় এক বছর আগে পুরোনো কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ অবস্থায় ওই কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ। তাই তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন কমিটির নেতাদের স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। তিনি বলেন, নতুনদের নেতৃত্ব দেওয়ার সুযোগ না দিলে নতুন নেতৃত্ব তৈরি হবে না।