হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর-বেগমখান চা-বাগানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন পরিকল্পনার পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে গতকাল শনিবার দুপুরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চান্দপুর-বেগমখান চা-বাগানের ভূমিতে অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় চান্দপুর চা-বাগানের অধীনে থাকা ৫১১ একর ভূমির ইজারা বাতিল করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। পরে তা ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে এ ভূমি হস্তান্তর করে হবিগঞ্জের জেলা প্রশাসন।
এদিকে গতকাল শনিবার দুপুর ১২টায় চুনারুঘাটের আমতলী নামক স্থানে (অর্থনৈতিক অঞ্চলের কাছে) বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের পক্ষে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে মানববন্ধন করা হয়। এতে আওয়ামী লীগের স্থানীয় নেতারাসহ এলাকাবাসী অংশ নেন। বেলা দুইটার দিকে মানববন্ধনকারীরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সমাবেশ করতে যান। তাঁরা নির্ধারিত চা-বাগানের ভেতরে প্রবেশের আগেই এ অর্থনৈতিক অঞ্চলবিরোধী চা-শ্রমিকেরা লাঠিসোঁটা, ধনুক ও ইটপাটকেল নিয়ে তাঁদের তাড়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলা তিনটার দিকে চান্দপুর চা-বাগানের অধিবাসী হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র লক্ষধর পাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে চুনারুঘাট সদরে তাকে মারধর করেন অর্থনৈতিক অঞ্চলের সমর্থকেরা। পাশাপাশি সমর্থকেরা চা-শ্রমিক সত্য বাকতি ও তাঁর ছেলে পল্টু বাকতিকে মারধর করেন। এরপর চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা হাসপাতালে যাওয়ার পথে সড়কে তাঁদের মারধর করেন একই লোকজন।
ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অভিরত বাকতি বলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের নেতৃত্বে একদল লোক অর্থনৈতিক অঞ্চলে এসে সীমানা নির্ধারণ করতে চাইলে চা-শ্রমিকেরা তাঁদের বাধা দেন। এ কারণে তাঁরা শ্রমিকদের মারধর করেন। এ কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল সরকার বলেন, যে জায়গায় এটা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে তাতে কয়েক হাজার চা-শ্রমিক বেকার হয়ে পড়বেন। এ কারণে তাঁরা এ অর্থনৈতিক অঞ্চলের বিরোধিতা করে আসছেন।