পঙ্কজ কুমার গুপ্তকে মালিকানার কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তারাপুর চা-বাগানের মালিকানার কাগজপত্র আজ বুধবার দেবোত্তর সম্পত্তির সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের কাছে হস্তান্তর করবে জেলা প্রশাসন। আজ সকালে বাগানে অবস্থান করে মালিকানার কাগজপত্র গ্রহণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার যোগাযোগ করলে সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত প্রথম আলোকে চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা-সংক্রান্ত কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে। অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট নগরের পাঠানটুলার উপকণ্ঠে ৪২২ দশমিক ৯৬ একর জায়গার তারাপুর চা-বাগান দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ১৫ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারাপুর চা-বাগানের মালিকানা সেবায়েতকে বুঝিয়ে দেওয়া হয়েছিল।

উচ্চ আদালতের এ রায় বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন রাগীব আলীর মেডিকেল কলেজ, হাসপাতালসহ সব অবৈধ স্থাপনা ১৩ আগস্টের মধ্যে সরাতে দ্বিতীয় দফা গণবিজ্ঞপ্তি জারি করে। অন্যথায় গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এরপরও স্থাপনা না সরানোয় আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ প্রক্রিয়ার অংশ হিসেবে মালিকানা-সংক্রান্ত কাগজপত্র সেবায়েতের কাছে হস্তান্তর করা হচ্ছে।