পঙ্কজ সরনের বাসায় মার্শা বার্নিক্যাট
ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিক্যাট গতকাল বুধবার সকালে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে বৈঠক করেছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার আগে গতকাল সকালে মার্শা বার্নিক্যাট ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে বৈঠক করেন। ভারতীয় হাইকমিশনারের বাসায় এ দুই কূটনীতিক প্রায় দেড় ঘণ্টা কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্শা বার্নিক্যাট বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে তাঁর পরিচয়পত্র তুলে দেন।
ভারতের কূটনীতিক সূত্রে জানা গেছে, পঙ্কজ সরনের সঙ্গে মার্শা বার্নিক্যাটের বৈঠকটি ছিল সৌজন্যমূলক। কোনো একটি দেশে নতুন একজন কূটনীতিক এলে ওই দেশে কর্মরত আরেকটি দেশের কূটনীতিকের কাছ থেকে নতুন কর্মস্থল সম্পর্কে জেনে নেন। দুই কূটনীতিকের গতকালের বৈঠকটি ছিল এ প্রক্রিয়ারই অংশ।
তবে এ দুই কূটনীতিকের এ বৈঠক সম্পর্কে মার্কিন দূতাবাস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কূটনীতিক বিশ্লেষকদের মতে, পঙ্কজ-বার্নিক্যাট সৌজন্য বৈঠকটি তাঁদের নিয়মিত কর্মকাণ্ডের অংশ হলেও দেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ আলোচনা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দিল্লি সফরের পর দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হয়েছে। গত ২৫ জানুয়ারি দিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বারাক ওবামার শীর্ষ বৈঠকের পর দেওয়া যৌথ ঘোষণায় অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন।