পৃথক চারটি দুর্নীতির মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ পাঁচজনের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের পৃথক আপিল মঞ্জুর করে এ রায় দেন।অন্যরা হলেন সাবেক বিদ্যুৎসচিব আ ন হ আকতার হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান, জামায়াতের সাবেক সাংসদ শাজাহান চৌধুরী ও সাবেক প্রতিমন্ত্রী মীর নাসিরের ছেলে মীর হেলাল।আদালতে আপিলকারীদের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আবদুর রাজ্জাক, এ এম আমিন উদ্দিন ও আহসানুল করিম মামলা পরিচালনা করেন। দুর্নীতি দমন কমিশন—দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান। এম এ আজিজ খান প্রথম আলোকে বলেন, পৃথক চারটি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে পাঁচজনের করা আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করা প্রশ্নে তিনি বলেন, বিষয়টি দুদকে অবহিত করা হবে। এ ব্যাপারে দুদক পরবর্তী সিদ্ধান্ত নেবে।জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২২ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দুদক মামলা করে। ওই বছরের ২৬ আগস্ট বিশেষ জজ আদালত তাঁকে ১৩ বছরের সাজা দেন।দুদক আ ন হ আকতার হোসেনের বিরুদ্ধে ২০০৭ সালের ৩১ মে উত্তরা থানায় মামলা করে। বিশেষ জজ আদালত ওই মামলায় ২০০৮ সালের ৩০ জানুয়ারি তাঁকে ১০ বছরের সাজা দেন।জামায়াতের সাবেক সাংসদ শাজাহান চৌধুরীর বিরুদ্ধে ২০০৭ সালের ২ জুলাই চট্টগ্রামে মামলা করে দুদক। এ মামলায় শাজাহান চৌধুরীর সঙ্গে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৮ সালের ১৩ এপ্রিল বিচারিক আদালত শাজাহান চৌধুরীকে ১০ বছর ও ফয়সাল মোরশেদ খানকে সাত বছরের সাজা দেন। এ ছাড়া বাবা মীর নাসিরকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় মীর হেলালের বিরুদ্ধে দুদক মামলা করে। নিম্ন আদালত ওই বছরের ৪ জুলাই তাঁকে চার বছরের সাজা দেন। সাজার বিরুদ্ধে পাঁচজন হাইকোর্টে পৃথক আপিল করেন। গতকাল শুনানি শেষে আদালত আপিল মঞ্জুর করেন।আলালকে বিদেশ যাওয়ার অনুমতি: যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে তিন মাসের জন্য বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একইসঙ্গে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করা হয়েছে।গত ৮ মে লন্ডনে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বাধা দেয়। এর পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই তিনি হাইকোর্টে রিটটি করেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।