পঙ্গু ও শিশু হাসপাতালের সামনে অবৈধ দোকান বসিয়ে ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শিশু হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) ফুটপাত দখল করে স্থানীয় আওয়ামী লীগের নেতারা মাসোহারার ভিত্তিতে অবৈধভাবে দোকানপাট ভাড়া দিচ্ছেন। হাসপাতাল চত্বরের বাইরের এসব দোকানকে কেন্দ্র করে বিকেল পেরোতেই মাদকসেবী ও ছিনতাইকারীদের উপদ্রব শুরু হয়। এতে করে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা যেমন দুর্ভোগে পড়ছে, তেমনই চিকিৎসক ও নার্সরা ভুগছেন নিরাপত্তাহীনতায়।প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে দৃশ্যত অসহায়। অন্যদিকে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের স্বজনেরা রাতে অনেক সময় মাদকসেবী-ছিনতাইকারীদের হাতে সর্বস্ব খোয়ায়। শিশু হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে আসা এক মা রেহানা বেগম এই প্রতিবেদককে জানান, সন্ধ্যার পর প্রয়োজন হলেও তিনি ভয়ে হাসপাতালের বাইরে বের হন না।দৃষ্টিসীমার মধ্যেই শেরেবাংলা নগর থানা। কিন্তু ভুক্তভোগী ও হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে বলেছেন, স্থানীয় পুলিশ অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো ভূমিকা রাখছে না।শেরেবাংলা নগর থানার দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানান, তাঁরা একাধিকবার এ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েও দোকানগুলো স্থায়ীভাবে তুলতে পারেননি। উচ্ছেদের পরপরই সাংসদ কামাল আহমেদ মজুমদারের অনুমতি নিয়ে দোকানদারেরা আবার ব্যবসা শুরু করেন।অন্তত একটি দোকানের মালিক নিজে সাংসদ কামাল মজুমদারের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা প্রথম আলোকে বলেছেন। তবে সাংসদ কামাল মজুমদারের বক্তব্য জানতে চাইলে তিনি দোকান বসানোর অনুমতি দেননি বলে দাবি করেন। সাংসদ বলেন, তিনি ‘সব রকম গর্হিত কাজের বিপক্ষে’।এ ছাড়া ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজিও দোকান বসানোর অনুমতি দিয়ে থাকেন বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের একাধিক উচ্ছেদ অভিযানে হাজি নূর ও তাঁর লোকেরা বাধা দিয়েছেন। হাজি নূর নিজেও হাসপাতালে এসে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। নূর মোহাম্মদ হাজির নামে শেরেবাংলা নগর থানায় পুলিশ ১০টির মতো সাধারণ ডায়েরি করেছে। এসব ডায়েরিতে তাঁকে ‘শীর্ষ মাদক ব্যবসায়ী এবং ওই এলাকার সব অপকর্মের হোতা’ বলে উল্লেখ করা হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাজি নূর গত বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউজ্জামান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, অবৈধ দোকানপাট অচিরেই উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ উন্নত হচ্ছে।সরেজমিনে তিন প্রতিষ্ঠান: ফুটপাতের ওপর আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের অফিস, চিকিৎসা সরঞ্জাম, ফল, জুতা, কাপড় ও ফলের মতো বিভিন্ন সামগ্রীর দোকান, রেস্তোরাঁসহ বহু স্থাপনার ভিড়ে পঙ্গু হাসপাতালকেই যেন খুঁজে পাওয়া যায় না। এক পিঠা বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁকে প্রতি মাসে এক হাজার ৮০০ টাকা ভাড়া দিতে হয়। যাঁদের দোকান আরেকটু বড়, তাঁদের গুনতে হয় দুই-আড়াই হাজার টাকা। দোকান বসানোর জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে, জানতে চাইলে পিঠা বিক্রেতা পাশেই ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিস দেখিয়ে দেন। ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আজাহার মোল্লা দোকানপাটের বরাদ্দ দিয়ে থাকেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।কর্তৃপক্ষের সীমাবদ্ধতার উদাহরণ দিয়ে শিশু হাসপাতালের সূত্র বলেন, এ হাসপাতালে ঢোকার মুখের মুঠোফোনে টাকা ভরার দোকানটিকে ‘হাজার চেষ্টা করেও’ সরানো যায়নি। এর লোক নিজেকে হাজি নূরের আত্মীয় বলে পরিচয় দেন।পঙ্গু হাসপাতালের পরিচালক খন্দকার আবদুল আউয়াল এবং ঢাকা শিশু হাসপাতালের পরিচালক মনজুর হোসেন সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ফুটপাত ও সীমানাপ্রাচীরের কাছে ভাসমান দোকানপাট না থাকা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন।...এবং চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট: চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে মাস ছয়েকের মধ্যে ১৫-২০টি দোকান উঠেছে। একজন দোকানি জানান, পাশের ফাঁকা জায়গাগুলোও বরাদ্দ দেওয়া হয়ে গেছে। ইনস্টিটিউট ও হাসপাতালের প্রকল্প পরিচালক রেজানুর রহমান বলেন, তাঁরা চান হাসপাতালের স্বার্থে এ জায়গাগুলো ফাঁকা থাকুক। চিকিৎসক ও কর্মকর্তারা জানান, এ নিয়ে প্রশ্ন তুললে তাঁরা নানা রকম হুমকির শিকার হন।