পঙ্গু হতে বসেছেন মর্জিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিরাজের অপচিকিৎসায় পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার নওদাপাড়া গ্রামের মর্জিনা বেগম নামে এক গৃহবধূ পঙ্গু হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন। দুর্ঘটনার শিকার হয়ে তাঁর হাত-পা ভেঙে গেলে কবিরাজের ঝাড়ফুঁকে হাড় আরও স্থানচ্যুত হয়ে অনেকটা অকেজো হয়ে গেছে।
নওদাপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, গত ২১ জানুয়ারি ভটভটিতে করে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় অপর একটি ভটভটির আঘাতে তাঁর স্ত্রী মর্জিনার ডান পা ও হাত ভেঙে যায়। গুরুতর আহতাবস্থায় তাঁকে ঈশ্বরদী হাসপাতাল থেকে ভাড়া করা মাইক্রোবাসে করে রাজশাহী মেডিকেলে নেওয়ার সময় গাড়ির চালক একজন ভালো কবিরাজের কথা বলেন। কম খরচে ও অল্প সময়ে হাড় জোড়া লাগানোর কথা বলে চালক তাঁদের নাটোরের লালপুর উপজেলার ইসলামপুরে লাহাব উদ্দিন নামে এক কবিরাজের কাছে নেন।
মর্জিনা বেগম বলেন, কবিরাজের আস্তানায় তিনি ৪৩ দিন ছিলেন। প্রথম কয়েক দিন ভাঙা হাত-পায়ে গাছের ছাল-বাকল-লতাপাতা লাগিয়ে রাখা হয়। তারপর টানা ছয় দিন হাত ও পায়ের দুই পাশে ইট দিয়ে চেপে রাখা হয়। পরে প্রতিদিন চলতে থাকে ঝাড়ফুঁক-মালিশ। এত কিছুর পরও সুস্থ না হওয়ায় শেষ পর্যন্ত বাড়ি চলে আসেন। চিকিৎসার খরচ হিসাবে ১৩ হাজার ও অন্যান্য খরচ বাবদ সেখানে আরও ২৭ হাজার টাকা ব্যয় হয় তাঁর।
মর্জিনা বেগম আরও বলেন, এখন পর্যন্ত তাঁর হাড় ভাঙা জোড়া লাগেনি। অন্যের সাহায্য ছাড়া এখন তিনি চলাফেরাই করতে পারেন না।
এদিকে কবিরাজ লাহাব দাবি করেন, তাঁর চিকিৎসা ঠিকই ছিল। কিন্তু রোগ ভালো না হলে তাঁর কিছু করার নেই। এ কবিরাজ যুক্তি দেখান, অনেক বড় ডিগ্রিধারী চিকিৎসকও অনেক সময় রোগ ভালো করতে পারেন না।
ঈশ্বরদী ৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক আতাউর রহমান বলেন, এক্স-রে করে দেখা গেছে, মর্জিনা বেগমের ভেঙে যাওয়া হাত ও পায়ের হাড় জোড়া লাগার পরিবর্তে আরও স্থানচ্যুত হয়ে গেছে। তাঁর ভাঙা পা ছোট ও বাঁকা হয়ে গেছে। সেগুলো শক্তিহীন হয়ে পড়ায় কর্মক্ষমতা হারিয়েছেন ওই গৃহবধূ। অপচিকিৎসা আর মালিশে হাড়গুলো এভাবে স্থানচ্যুত হয়েছে। আতাউর বলেন, জরুরিভিত্তিতে মর্জিনা বেগমের দুটি অস্ত্রোপচার দরকার। তাহলে তিনি হয়তো কিছুটা ভালো ফল পেতে পারেন।