পঙ্গু হাসপাতাল ছাড়লেও বাড়ি যেতে পারল না লিমন
র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনকে পঙ্গু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর গতকালই তাকে ধানমন্ডির বেসরকারি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়।লিমনের বাবা অভিযোগ করেন, র্যাবের সোর্স বলে পরিচিত কিছু লোক তাঁদের হুমকি দিচ্ছে। এ কারণে লিমনকে ঝালকাঠির সাতুরিয়ার বাড়িতে নিতে পারেননি।গত ২৩ মার্চ কলেজছাত্র লিমন তার গ্রামের বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে আহত হয়। এরপর সে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) দুই দফায় ৭০ দিন চিকিৎসাধীন ছিল। এই হাসপাতালের সহকারী অধ্যাপক ওয়াহিদুর রহমান প্রথম আলোকে জানান, লিমনের কাটা পায়ের ক্ষত শুকিয়ে গেছে। সে এখন সুস্থ। তাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।গতকাল সকালে ছাড়পত্র দেওয়ার পরই শুরু হয় লিমনের হাসপাতাল ছাড়ার প্রস্তুতি। খবর পেয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনের কর্মীরা হাসপাতালে ভিড় করেন। তাকে দেখতে আসা লোকজন ও অন্যান্য রোগীর স্বজনেরা তখন লিমনকে নানাভাবে সাহস দেন। বেলা পৌনে একটার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়।লিমনের বাবা তোফাজ্জেল হোসেন অভিযোগ করে বলেন, ‘গ্রামের বাড়িতে নিরাপত্তা নাই বলে লিমনকে আবারও হাসপাতালে ভর্তি করাইতে বাধ্য হইছি। র্যাবের সোর্স বলে পরিচিত মানিক জমাদ্দার (সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি), ইব্রাহিমসহ অন্যরা আমাদের পরিবারকে নানাভাবে হুমকি দেতে আছে। তারা হুমকি দিয়া কয়, মিডিয়া লেখালেখি ও প্রচার থেইক্যা সইর্যা গ্যালে আমাদের কাইট্টা টুকরা কইর্যা নদীতে ফালাইয়া মাছকে দিয়া খাওয়াইবে। এই হুমকির পর হইতে দুই মাস ধইর্যা মেয়ে লাকির কলেজে যাওয়া বন্ধ রইছে।’ হুমকির পর ঝালকাঠির রাজাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা তা নেয়নি বলে জানান তিনি।আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান জানান, লিমনের বাবার অনুরোধে তাঁরা গণস্বাস্থ্য নগর হাসপাতালে লিমনকে ভর্তি করানোর উদ্যোগ নেন।এদিকে র্যাবের দায়ের করা মামলায় লিমনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত ৩ জুলাই তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এর (জেলা ও দায়রা জজ) আদালতে লিমনের উপস্থিতি ও পুলিশ প্রতিবেদনের ওপর গতকাল শুনানির দিন ধার্য ছিল। কিন্তু লিমন হাসপাতালে থাকায় আইনজীবী নাসির উদ্দিন কবির এক মাসের সময় চেয়ে আবেদন করেন। বিচারক মো. ফারুক আহাম্মদ তিন সপ্তাহের সময় মঞ্জুর করে ৩ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।