পঙ্গু হাসপাতালের পরিচালক কে?
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু) হাসপাতালের পরিচালকের পদ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিচালক খন্দকার হামিদুল হোসেনের মেয়াদ ১১ মার্চ শেষ হয়েছে। তবে তিনি প্রতিদিন পরিচালকের চেয়ারে বসছেন।
এদিকে সরকারও গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত পঙ্গু হাসপাতালের পরিচালক পদে কাউকে নিয়োগ দেয়নি। এই পরিপ্রেক্ষিতে হাসপাতাল পরিচালনায় জটিলতার সৃষ্টি হচ্ছে বলে একাধিক জ্যেষ্ঠ চিকিৎসক প্রথম আলোকে বলেছেন।
চিকিৎসক ও কর্মকর্তারা জানিয়েছেন, সকালের প্রাত্যহিক সভায় উপস্থিত থাকছেন না পরিচালক। এই সভায় জটিল রোগী ও হাসপাতালের জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কাজ এখন থেমে আছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে হাসপাতাল খোলা রাখার নির্দেশ দেয় সরকার, কিন্তু চিকিৎসকেরা সেই সিদ্ধান্ত জেনেছিলেন রাত নয়টায়।
জানা গেছে, খন্দকার হামিদুল হোসেন হাসপাতালের প্যাডে লিখেছিলেন, ১১ মার্চ থেকে হাসপাতাল পরিচালনা করবেন আবদুল গণি মোল্লা। তবে এখন কাগজপত্রে সই করছেন হাসপাতালের যুগ্ম পরিচালক আবদুর রাজ্জাক।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খন্দকার হামিদুল হোসেনকে হাসপাতালে ঢুকতে দেখা যায়। বেলা একটায় তিনি সরকারি গাড়িতে করে হাসপাতাল ছাড়েন। কক্ষের বাইরে এখনো তাঁর নামফলক রয়েছে।
খন্দকার হামিদুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি তো পরিচালকের পদ ছেড়ে দিয়েছি। আমার নিজের গাড়ি নাই তো, তাই দুই দিন ধরে ব্যবহার করতেছি, অনুমতি নিয়ে।’