পঙ্গু হাসপাতালের পরিবেশ নোংরা, উন্নতির উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঙ্গু হাসপাতালের ইমার্জেন্সি রিকভারি ওয়ার্ডের শয্যার নিচে ঘুরে বেড়াচ্ছে দুটি বিড়াল। ওয়ার্ডগুলোতে আয়ারা দিনে দুবার ঝাড়ু দেন। কিন্তু বারান্দায় নিয়মিত ঝাড়ু দেওয়া হয় না l ছবি: প্রথম আলো
পঙ্গু হাসপাতালের ইমার্জেন্সি রিকভারি ওয়ার্ডের শয্যার নিচে ঘুরে বেড়াচ্ছে দুটি বিড়াল। ওয়ার্ডগুলোতে আয়ারা দিনে দুবার ঝাড়ু দেন। কিন্তু বারান্দায় নিয়মিত ঝাড়ু দেওয়া হয় না l ছবি: প্রথম আলো

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) ভেতরে ও বাইরে পরিবেশ নোংরা। এই পরিবেশে চলছে চিকিৎসা। পরিস্থিতি পাল্টানোর উদ্যোগও নেই কর্তৃপক্ষের। চিকিৎসক, কর্মকর্তারাও যেন অপরিচ্ছন্ন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই হাসপাতালে একাধিক দিন ঘুরে অপরিচ্ছন্ন দেখা গেছে। হাসপাতাল ভবনের বাইরের রাস্তায় ও নর্দমায় জমে আছে দীর্ঘদিনের আবর্জনা। এরই মধ্যে শুরু হয়েছে হাসপাতাল সম্প্রসারণের কাজ। তৈরি হচ্ছে বহুতল ভবন। ধুলাবালু থেকে রোগীদের রক্ষা করার কোনো চেষ্টা নেই কর্তৃপক্ষের।
গত বৃহস্পতিবার হাসপাতালের ইমার্জেন্সি রিকভারি (ইআর) ওয়ার্ডে কথা হয় চুয়াডাঙ্গার জীবননগর থেকে আসা এক কিশোর ও তার মায়ের সঙ্গে। কিশোরের পা ভেঙেছিল ট্রাকে চাপা পড়ে। আগে ১০ দিন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল সে। এবার এসেছে ফলোআপ চিকিৎসায়। হাসপাতালের পরিবেশ প্রসঙ্গে ওই কিশোরের মা বললেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের উপায় নাই।’ তাঁর সামনের শয্যার নিচে দেখা গেল দুটি বিড়াল খাবার ভাগাভাগি করে খাচ্ছে।
নোংরা পরিবেশের বিষয়ে দ্বিমত নেই হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. ইকবাল কাভীর। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের জনবলের অভাব আছে। আইনি জটিলতার কারণে নিয়োগ আটকে আছে।’
হাড়ভাঙা চিকিৎসায় দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল। পরিচালকের দেওয়া তথ্য অনুয়ায়ী, ৫৬০ শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে গড়ে দৈনিক ৪০০ মানুষ চিকিৎসা নেয়। জরুরি বিভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গড়ে ১২০ জন রোগী আসে। এদের প্রায় অর্ধেক ভর্তি হয় দৈনিক।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, চিকিৎসায় ওয়ার্ডবয়, আয়ারা সহায়তা করে। হাসপাতাল পরিষ্কার রাখার দায়িত্ব সুইপারদের।
পঙ্গু হাসপাতালের পরিচালক জানিয়েছেন, প্রতিষ্ঠানে ওয়ার্ডবয় আছেন ৫২ জন (পদ ৭১), আয়া নয়জন (পদ ১৩) এবং সুইপার ৫৬ জন (পদ ৭১)।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন সহযোগী অধ্যাপক প্রথম আলোকে বলেন, ‘৫৬ জন সুইপার কাজ করলে পরিবেশ এত নোংরা থাকার কথা নয়। মূল সমস্যা হলো, এ ব্যাপারে নজরদারি নেই।’
রোগী প্রথমে আসে জরুরি বিভাগে। বৃহস্পতিবার দেখা গেল, জরুরি বিভাগের সামনে পানি জমে আছে। পানির মধ্যে স্ট্রেচার ঠেলছেন কর্মীরা। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, সেখানে বছরের বেশির ভাগ সময় পানি জমে থাকে।
জরুরি বিভাগ থেকে রোগী প্রথমে নেওয়া হয় ইআর ওয়ার্ডে। সেখানে শয্যার চেয়ে প্রায় প্রতিদিনই রোগী বেশি থাকে। এর এক পাশের বারান্দায় পরিত্যক্ত খাট ও জাজিম। বারান্দায় ছড়িয়ে আছে পরিত্যক্ত গজ, ব্যান্ডেজ। ওয়ার্ডের অন্য পাশে জমে আছে অনেক দিনের পুরোনো আবর্জনা, খাবারের খালি প্যাকেট।
এই ওয়ার্ডের সামনে লাল অক্ষরে অস্ত্রোপচারকক্ষের নির্দেশনা ফলক। তার পাশে লেখা ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, নিজে পরিষ্কার থাকুন ও অন্যকে পরিষ্কার থাকতে বলুন।’
হাসপাতালটির খোলা জায়গাগুলোয় বিভিন্ন তলা থেকে রোগীর আত্মীয়রা ময়লা ফেলে। আর কর্তৃপক্ষ রাখে পরিত্যক্ত আসবাব ও যন্ত্রপাতি। দেখে মনে হয়, বছরের পর বছর তা সরানো হয়নি। বিভিন্ন তলার কোনা-কানচিতে রাখা নানা জিনিসে ধুলার স্তর। তৃতীয় তলার লাইব্রেরি ও শিক্ষক লাউঞ্জের মাঝে ভাঙা একটি যন্ত্র ও কয়েকটি আসবাব পড়ে আছে। জানা গেল, তা পড়ে আছে দুই বছরের বেশি। ওই যন্ত্রে ময়লা ফেলা হয়, এখন ময়লা উপচে পড়ছে।
দোতলায় ক্যানটিনের দরজার সামনে একজন চর্মকার নিয়মিত বসেন জুতা পালিশ করতে। বৃহস্পতিবার দুপুরেও তাঁকে দেখা গেছে। চর্মকারের পাশে বসে একজন কর্মীকে মসলা বাটতে দেখা গেল। জানা গেল, তাঁরা দীর্ঘদিন পাশাপাশি বসে কাজ করছেন।
বিভিন্ন তলার জানালার ফাঁক দিয়ে তাকালেই দেখা যাবে কার্নিশ, জানালায় পুরোনো ময়লা ঝুলছে। তিনতলার একজন জ্যেষ্ঠ নার্স রসিকতা করে বললেন, ‘আগের আমলের আবর্জনা এখনকার কর্মকর্তারা ফেলতে চান না।’
বৃহস্পতিবার বিকেলে একজন ‘আয়াকে’ তিনতলার একটি ওয়ার্ড ঝাড়ু দিতে দেখা গেল। প্রথম আলোকে তিনি বললেন, দিনে দুবার ঝাড়ু দেন। কাজ করছেন ১০ বছর। বেতনের কথা জানতে চাইলে বলেন, ‘আমরা বেতন পাই না।’ তাহলে কীভাবে কাজ করেন—এ প্রশ্নের উত্তরে বলেন, সরকারি আয়াদের সঙ্গে তাঁরা চারজন কাজ করেন। রোগীদের নানা কাজ করে (এক্স-রে করাতে নিয়ে যাওয়া, ওষুধ আনা, খাবার আনা, স্ট্রেচার ঠেলা) তাঁরা বকশিশ পান। তাই দিয়ে সংসার চলছে।
কথা বলে জানা গেছে, আয়ারা দিনে দুবার বিভিন্ন ওয়ার্ড ঝাড়ু দেন। বারান্দা নিয়মিত ঝাড়ু দেওয়া হয় না। আর অন্য জায়গাগুলোর কথা কেউ আসলে বলতে পারেন না।
বিকেল হতেই হাসপাতালে কয়েকটি দোকান চালু হয়। খাবার, কোমল পানীয়, পিঠা, পাউরুটিসহ নানা জিনিস বিক্রি শুরু হয়। এটা যে একটা হাসপাতাল, সন্ধ্যার জরুরি বিভাগ দেখলে তা মনেই হবে না।