পঙ্গুত্ব জয় করে সংসারের চালিকাশক্তি হাসেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসারের হাল ধরে আছেন আবু হাসেম l ছবি: প্রথম আলো
সংসারের হাল ধরে আছেন আবু হাসেম l ছবি: প্রথম আলো

ছোট একটি ভ্যানের ওপর হাঁস-মুরগির ঝুড়ি। পা না থাকায় চালক হাত দিয়েই চালাচ্ছেন সে ভ্যান। হাটে ঘুরে ঘুরে বিক্রি করছেন ঝুড়িতে থাকা হাঁস-মুরগি।
শারীরিক অক্ষমতা থাকলেও সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আবু হাসেম (৩৫)। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়লেও হাসেমের পা দুটি বাড়েনি। তাই তিনি হাতে ভর দিয়ে চলাফেরা করেন।
আবু হাসেম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের মোজাম্মেল হক ও হাসনা খাতুনের সন্তান। তিনি বলেন, প্রথম দিকে স্থানীয় চিকিৎসক আর কবিরাজের কাছে নিয়ে গেলেও কোনো কাজ হয়নি। সাত-আট বছর পরও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বাড়ির সবাই হাল ছেড়ে দিলেন। তখন তিনি হাতে ভর দিয়ে দুই পায়ের সাহায্যে কোনোমতে চলাফেরা শুরু করেন। বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়েও কিছুদিন পড়েছেন।
আবু হাসেম বলেন, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে না পারলেও তিনি কারও বোঝা হতে চাননি। প্রথমে তিনি চান্দাইকোনা হাটে হাঁস-মুরগি কেনাবেচা শুরু করলেন। তাঁর এক আত্মীয় হাটে যাওয়ার জন্য স্থানীয় মিস্ত্রিদের দিয়ে তৈরি করে দিলেন বিশেষ একটি ভ্যান। তিনি হাত দিয়েই ভ্যানটি চালাতে পারেন। ব্যবসায় ভালো হওয়ায় এখন পাশের ধানগড়া ইউনিয়নের ধানগড়া হাটেও যাচ্ছেন। সপ্তাহে চার দিন হাটে আসা-যাওয়া করেন। বেচা-কেনা করে যা আয় হয়, তা দিয়েই চলে পাঁচজনের সংসার।
বাড়িতে কে কে আছে? জিজ্ঞেস করলে তিনি বলেন, পরিবারের লোকজনের সম্মতিতে বিয়ে করেছেন। ঘরে তাঁর তিন মেয়ে। ঋতু (১০) ও সেতু (৬) স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করছে। ছোট নূপুর মাত্র এক বছর বয়সী।
আবু হাসেম বলেন, ‘পঙ্গু এ জীবনে আমার বড় পাওয়া, কারও কাছে হাত পাতি না। যত দিন চলাফেরা করতে পারি, তত দিন কাজ করব।’ তিনি আরও বলেন, অনেক সময় সড়কে উঁচু কোনো সেতুতে ওঠার সময় সমস্যা হলে অনেকেই ছুটে আসেন। সবাই তাঁকে সহযোগিতা করেন। কারণ তাঁর কাজ করাটা সবাই সম্মানের দৃষ্টিতে দেখে।
উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের সমাজে অনেক সুস্থ মানুষই কাজ করতে চায় না। সেখানে শারীরিকভাবে অক্ষম হয়েও আবু হাসেম জীবনযুদ্ধে নেমেছেন। এটা অনুকরণীয় বিষয়। তাঁর মতো মানুষদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’