পঙ্গুত্বের বড় কারণ সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্র জুয়েল মাহমুদ (২০)। কৃষক বাবার সন্তান জুয়েলকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। কিন্তু রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় আহত জুয়েল এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন (পঙ্গু হাসপাতাল) প্রতিষ্ঠানে চিকিৎসাধীন। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। এখন তাঁর ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় পুরো পরিবার।
জুয়েলের মতো দেশের হাজারো মানুষ এমন পঙ্গুত্বের শিকার হচ্ছে। চিকিৎসক ও বিশ্লেষকেরা বলছেন, দেশে প্রতিবছর যে বিপুলসংখ্যক লোক পঙ্গু হচ্ছে, তার একটা বড় অংশই হয় সড়ক দুর্ঘটনার কারণে। আর শিশুদের একটা বড় অংশ ছাদ বা গাছ কিংবা অন্যান্য জায়গা থেকে পড়ে পঙ্গু হচ্ছে। এ ছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনাসহ অন্যান্য কারণেও পঙ্গু হওয়ার ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের ধারণা, দেশে বছরে গড়ে ১৫ হাজার লোক পঙ্গু হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পঙ্গু দিবস।
গতকাল সোমবার পঙ্গু হাসপাতালের আই-জে ওয়ার্ডে গিয়ে কথা হয় জুয়েল ও তাঁর স্বজনদের সঙ্গে। তাঁর পাশের বিছানাতেই রবিউল ইসলাম নামে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর বাঁ পা কাটা গেছে ট্রেনে। পঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষায়িত এই হাসপাতালে যত রোগী, এদের বেশির ভাগই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ২১ হাজার ৮৫৫ জন আহত হয়েছে। এদের অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছে বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, দেশে প্রতিদিন কোথাও না কোথাও, কেউ না কেউ দুর্ঘটনায় পঙ্গু হচ্ছে। যে পরিবারে এমন ঘটনা ঘটছে সেই পরিবারটি নিঃস্ব হয়ে যাচ্ছে। এ জন্য যারা দুর্ঘটনার জন্য দায়ী, তাদের কাছ থেকেই ক্ষতিপূরণের বিধান করা উচিত। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহত হয়ে ২০১৫ সালে এই হাসপাতালের জরুরি বিভাগে ৪৭ হাজার ৪৩৭ জন এবং ২০১৪ সালে ৪৬ হাজার ৫৮৪ জন চিকিৎসা নেয়। আর ২০১৫ সালে বহির্বিভাগে ১ লাখ ৪ হাজার ৯৬১ জন এবং ২০১৪ সালে ১ লাখ ৮ হাজার ৭১৪ জন রোগী চিকিৎসা নেয়। আর ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই হাসপাতালে ১৬ লাখ লোক চিকিৎসা নিয়েছে। এ সময়ে অস্ত্রোপচার করতে হয়েছে পৌনে ৪ লাখ মানুষের। এদের অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছে। তবে এই সংখ্যা হাসপাতালে নেই।
পঙ্গু হাসপাতালের অধ্যাপক আবদুল গণি মোল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে বড়দের মধ্যে যাঁরা পঙ্গু হন, তাঁরা বেশির ভাগই সড়ক দুর্ঘটনায় আহত হন। একজন কর্মক্ষম মানুষের হাত বা পা চলে যাওয়া মানে ভয়ংকর ক্ষতি। ওই পরিবারে সে বোঝায় পরিণত হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে পঙ্গুত্বের সংখ্যাও অনেক কমানো সম্ভব।’
দীর্ঘ মেয়াদে পঙ্গু রোগীদের অনেকে পরবর্তী সময়ে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নেয়। সিআরপির তথ্য অনুযায়ী, ২০১৫ সালে এখানে ৫৭ হাজার মানুষ চিকিৎসা নেয়।
বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) তথ্যমতে, প্রতিবছর বাংলাদেশে ১৩ হাজার ১৩৪ জন শিশু পঙ্গু হয়।
সিআইপিআরবির নির্বাহী পরিচালক ফজলুর রহমান বলেন, সচেতনতা ও সতর্কতা শিশুদের স্থায়ী পঙ্গুত্বের শিকার হওয়া কমাতে পারে।