পচনরোগ কেড়ে নিচ্ছে আদাচাষির মুখের হাসি

আদাচাষির মুখের হাসি কেড়ে নিচ্ছে পচনরোগ। এ বছর আদার দাম বেশ ভালো হলেও অপরিপক্ব অবস্থায় খেত থেকে আদা তুলতে হচ্ছে। এতে দাম পাচ্ছেন না চাষিরা।
গতকাল শনিবার রাঙামাটির সবচেয়ে বড় পাইকারি আদার হাট কাউখালী উপজেলার ঘাগড়া বাজারে চাষিদের সঙ্গে কথা বলে এ সমস্যার কথা জানা গেছে।
চাষি ও পাইকারি ব্যবসায়ীরা জানান, এ বছর আদার দাম গত কয়েক বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। বাজারে স্থানীয় ভাষায় ‘গাড়ো’, ‘দেম’, ‘মুড়ি’ ও ‘নতুন’ নামে চার ধরনের আদা বিক্রি হয়। এর মধ্যে গাড়ো হলো পরিপক্ব এবং শক্ত, নতুন হলো অপরিপক্ব ও নরম।
নতুন আদার দাম সবচেয়ে কম, প্রতি মণ তিন হাজার ২০০ টাকা। আর গাড়ো আদার দাম সবচেয়ে বেশি, প্রতি মণ বিক্রি হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার ৫০০ টাকা। গত বছর পরিপক্ব আদা বিক্রি হয়েছিল প্রতি মণ সর্বোচ্চ চার হাজার টাকায়।
চাষিরা জানান, অন্যান্য বছর নতুন আদা তেমন বিক্রি হতো না। আগামী ডিসেম্বর পর্যন্ত খেতে রাখা গেলে সেগুলো পরিপক্ব হয়ে যেত। কিন্তু পচনরোগের কারণে বিক্রি করতে হচ্ছে।
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের প্রিয়ময় চাকমা (২৮) বলেন, এ বছর আদার দাম বাড়লেও রোগবালাইয়ের কারণে তেমন লাভবান হতে পারছি না। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবেদাছড়ি গ্রামের মিয়াবি তঞ্চঙ্গ্যা (৩০) ও রাজু তঞ্চঙ্গ্যা (২৪) জানান, আদায় পচনরোগ দেখা দেওয়ায় খেত থেকে তাড়াতাড়ি তুলে বিক্রি করতে হচ্ছে। এতে কিছুটা কম দাম পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগের স্থানীয় পর্যায়ের মাঠকর্মীদের পরামর্শে ওষুধ দেওয়ার পরও পচন রোধ করা যাচ্ছে না।
কাউখালী উপজেলার চেলাছড়া গ্রামের শান্তি মোহন চাকমা (৩২) বলেন, স্থানীয় চাষিদের ধারণা বীজ বপনের পর অনাবৃষ্টি আর অতিরিক্ত গরমের কারণে এ অবস্থা হয়েছে।
চাষিরা আরও জানান, এক মণ আদা চাষ করে পাঁচ থেকে ছয় মণ আদা পাওয়া যায়। নিজস্ব বীজ থাকলে এক মণ আদা চাষে খরচ হয় সাত হাজার টাকা। আর বীজ কিনতে হলে ১০ হাজার টাকা খরচ হয়। এক মণ আদা থেকে উৎপাদিত পরিপক্ব আদা বিক্রি করা গেলে লাভ পাওয়া যাবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। আর অপরিপক্ব আদা বিক্রি করে লাভ পাওয়া যাচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। এর মাঝামাঝি লাভ পাওয়া যাচ্ছে অন্য দুই ধরনের আদা বিক্রি করে।
আদার পাইকারি ব্যবসায়ী ঢাকার কারওয়ান বাজারের মো. খায়ের (৪৫) ও চট্টগ্রামের খাতুনগঞ্জের মো. আইয়ুব আলী (৪০) জানান, এ বছর বাইরের আদা কম আসায় স্থানীয় আদার চাহিদা বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে আদার দাম আরও বাড়বে। তবে দেশীয় আদায় পচনরোগ দেখা দেওয়ায় অনেকেই অপরিপক্ব আদা বাজারে নিয়ে আসছে। এসব আদা বেশিদিন সংরক্ষণ করা যাবে কি না সন্দেহ রয়েছে।
রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) পবন কুমার চাকমা বলেন, আদার পচনরোগ সম্পর্কে মাঠপর্যায় থেকে এখনো তথ্য পাওয়া যায়নি। মাঠপর্যায়ের তথ্যের ওপর ভিত্তি করে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করে চাষিদের পরামর্শ দেওয়া হবে।
কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবমতে, এ বছর জেলায় আদা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ৫০০ একর। চাষিদের গড় উৎপাদনের হিসাব অনুযায়ী, প্রতি একরে উৎপাদন হয় ১৩০ থেকে ১৪০ মণ। সে হিসাবে জেলায় মোট আদা উৎপাদিত হবে ১১ লাখ মণের বেশি।