পচা আলুর দুর্গন্ধে টেকা দায়
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান গ্রামে একটি হিমাগারে রাখা আলু পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ওই এলাকায় মানুষ টিকতে পারছে না। শিগগিরই আলুগুলো সরিয়ে না ফেললে মানুষ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলাবাগান গ্রামে ইসমাঈল বীজ হিমাগার লিমিটেড নামের একটি হিমাগার আছে। এর ধারণক্ষমতা ১ লাখ ৪০ হাজার বস্তা আলু। গত বছর দাম কমে যাওয়ায় এলাকার কৃষকেরা ২০ হাজার বস্তা আলু হিমাগারেই ফেলে রাখেন।
হিমাগারের তত্ত্বাবধায়ক জাকির হোসেন দাবি করেন, ‘ওই আলু ফেলে রাখায় আমাদের প্রতিষ্ঠান এক কোটি টাকার ক্ষতির শিকার হয়েছে। পচে যাওয়া ওই আলু আশপাশের খানাখন্দে ফেলা হচ্ছে।’
কলাবাগান গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান জানান, পচা আলু যত্রতত্র ফেলায় গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দলুয়া গ্রামের আইয়ুব আলী জানান, পচা আলুর দুর্গন্ধে বমি আসে ও নিদ্রাহীনতা দেখা দিচ্ছে। পচা আলু যত্রতত্র না ফেলে তা মাটিতে পুঁতে ফেলার জন্য বারবার হিমাগার কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা তাঁদের অনুরোধ রাখেনি।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিকো আহমেদ বলেন, ‘এক সপ্তাহ ধরে হিমাগারের পচা আলুগুলো যেখানে-সেখানে ফেলা হচ্ছে। গ্রামবাসী আমার কাছে অভিযোগ নিয়ে আসছেন। আমি বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি।’
ইসমাঈল বীজ হিমাগার লিমিটেডের ব্যবস্থাপক আবদুল কালাম আজাদ জানান, ‘দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এটা ঠিক। গ্রামবাসীর অভিযোগ পেয়ে আমরা তা প্রতিকারে ব্লিচিং পাউডার প্রয়োগ করেছি। এরপর দুর্গন্ধ ছড়ানোর কথা নয়।’
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সিরাজুল ইসলাম জানান, দুর্গন্ধের কারণে ক্ষুধামান্দ্য, নিদ্রাহীনতাসহ নানা উপসর্গ দেখা দিতে পারে। ওই পচা আলুগুলো গভীর ও বড় গর্তে ফেলে মাটিচাপা দেওয়া উচিত।