পচা কাপড় ফেলনা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানের সামনে লুঙ্গি আর শাড়ির স্তূপ। ভেতরটাও ঠাসা পুরোনো কাপড়ে। কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা আবার রং চটে বিবর্ণপ্রায়। বিক্রেতা জাহাঙ্গীর হোসেন হাওলাদার বললেন, ‘বাইছা বাইছা শুধু পচা জিনিসগুলাই রাখি!’
পুরান ঢাকার বেগমগঞ্জ এলাকার বেচারাম দেউড়ি রাস্তার দুই পাশে চোখে পড়বে এ রকম অন্তত ৮০টি দোকান, যেখানে শুধু পুরোনো কাপড়ই বিক্রি হয়। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাতটা ছুঁই ছুঁই। সারা দিনের বেচাকেনা শেষে জাহাঙ্গীর পুরোনো কাপড়ের একটা গাঁটে গা এলিয়ে বিশ্রাম নিচ্ছেন। তিনি বলেন, স্বাধীনতার পর বিক্রমপুর থেকে আসা চারজন ব্যবসায়ী বেগম বাজার এলাকায় এই ব্যবসা শুরু করেন। তিনি এই ব্যবসায় আছেন প্রায় ২০ বছর ধরে। মাঝে কিছুদিন অন্য ব্যবসা করার চেষ্টা করেছিলেন। সুবিধা করতে না পেরে পুরোনো পোশাকের ব্যবসাতেই ফিরে আসেন।
পুরোনো শাড়ি আর লুঙ্গির ব্যবসা জাহাঙ্গীরের। ঢাকার বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে ফেরিওয়ালারা সিলভারের নতুন হাঁড়ি-পাতিলের বিনিময়ে যে পুরোনো কাপড় সংগ্রহ করেন, খুব সকালে সেসব কাপড়ের হাট বসে বেচারাম দেউড়ির প্রায় পুরো রাস্তায়। ফেরিওয়ালাদের কাছ থেকে এসব কাপড় কেনেন জাহাঙ্গীরের মতো খুচরা বিক্রেতারা। জাহাঙ্গীর বলেন, কাপড় যত ছেঁড়া-ফাটা হয়, তিনি তত কম দামে কিনতে পারেন। তাই বিক্রি করে লাভও বেশি পাওয়া যায়।
পুরোনো কাপড় সংগ্রহকারী বেশির ভাগ ফেরিওয়ালা থাকেন বেচারাম দেউড়ি এলাকায়। তাঁদেরই একজন মো. মুশাহিদ (৩৫)। তিনি বলেন, সংগ্রহ করা কাপড়ের মান অনুযায়ী সেগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। যেগুলো মোটামুটি ব্যবহারযোগ্য অর্থাৎ মানের দিক থেকে সবচেয়ে ওপরে, সেগুলোর ক্রেতা একশ্রেণির ব্যবসায়ী। মধ্যম মানেরগুলোও কিনে নেন তাঁরাই। এগুলো রিফু-রং হয়ে আবার চলে যায় মূল বাজারে।
আর যেগুলোর মান সবচেয়ে খারাপ সেগুলোকে বলা হয় ‘বাদ’। এলাকার অন্তত ১০ জন দোকানদার শুধু এই বাদ নিয়েই ব্যবসা করেন। অন্তত তিনটি দোকান ঘুরে জানা যায়, প্রতিটি লুঙ্গি ও শাড়ি যথাক্রমে দুই ও পাঁচ টাকা দরে কেনেন তাঁরা। আর প্রতিটি লুঙ্গি বিক্রি করেন ১০ টাকায়। শাড়ির ক্ষেত্রে দাম ২০-২২ টাকার মধ্যে ওঠা–নামা করে। এসব বাদ কাপড়ের প্রধান ক্রেতা প্রিন্টিং প্রেস, গাড়ি রং করার ও আসবাবের কারখানাগুলো। প্রেসে বিভিন্ন যন্ত্র পরিষ্কার করা ও মোছার কাজে লুঙ্গি ব্যবহৃত হয়। গাড়ির বাইরের অংশ প্রাথমিকভাবে রং করার পর ঘষে চকচকে করার কাজে ব্যবহৃত হয় শাড়ি। ফার্নিচার কারখানায়ও শাড়ির ব্যবহার প্রায় একই রকম। কাঠের আসবাবের ওপর রঙের প্রলেপ দেওয়ার পর ঝকঝকে করে তুলতে ব্যবহার করা হয় সিল্কের শাড়ি।
বেচারাম দেউড়ি থেকে এসব শাড়ি-লুঙ্গি আবার অনেকে পাইকারি হিসেবে কিনে নিয়ে খুচরা বিক্রি করেন প্রিন্টিং প্রেস, আসবাবের কারখানায়। এমনই এক বিক্রেতা আবদুর রহিম। কাঁটাবন মার্কেটে তাঁর ছোট্ট একটি দোকান আছে। তিনি বলেন, বেচারাম দেউড়ি থেকে প্রতিটি লুঙ্গি তিনি ১০ টাকায় কিনে ১৫ টাকায় বিক্রি করেন এলাকার প্রিন্টিং প্রেসগুলোতে। আর শাড়ি বিক্রি হয় এলিফ্যান্ট রোডের মোটরগাড়ি মেরামত ও রং করার দোকানগুলোতে।
ইদানীং শহুরে নারীরা শাড়ির বদলে সালোয়ার বেশি পরছেন বলে আফসোস করলেন জাহাঙ্গীর। বললেন, ‘শাড়ির চাহিদা প্রচুর। কিন্তু দিতে পারি না। শাড়ির জন্য ঢাকার বাইরের ফেরিওয়ালাদের ওপর নির্ভর করতে হয়।’
শাড়ি-লুঙ্গি ছাড়াও অন্যান্য প্রায় সব ধরনের পুরোনো কাপড়ের দোকান রয়েছে এখানে। এসব দোকানে সালোয়ার কামিজ থেকে শুরু করে শার্ট-প্যান্ট, গেঞ্জি, কাঁথা-কম্বল এমনকি লেপের কভার পর্যন্ত পাওয়া যায়।
মোহাম্মদ শহীদের ব্যবসা পুরোনো জিনস প্যান্ট বিক্রি। এক-দুই টাকা দরে জিনসের প্যান্ট কিনে সেগুলো তিন-চার টাকা দরে বিক্রি করেন তিনি। এর ব্যবহার সম্পর্কে তিনি বলেন, এগুলো মূলত বিভিন্ন কারখানায় শ্রমিকদের হাতমোজা বানাতে কাজে লাগে।