পচা ডালের দুর্গন্ধ ও মাছি, জীবন দুর্বিষহ ১৫ হাজার মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গন্ধ আর ঝাঁকে ঝাঁকে মাছি দুর্বিষহ করে তুলেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীপারের প্রায় ১৫ হাজার মানুষের জীবন। চর পাথরঘাটা ও আশপাশের এলাকায় বাতাসে এই দুর্গন্ধ আর মাছির কারণ নদীর পারে মাঠে রাখা ৩০০ টন পচা মটর ডাল।মাঠ থেকে মাছি ছড়িয়ে পড়ছে আশপাশের বাড়ি ও দোকানপাটে। মাছি তাড়াতে ঘর-দোকানে শীতেও দিনে-রাতে চালানো হচ্ছে বৈদ্যুতিক পাখা। ছিটানো হচ্ছে ওষুধ। ভুক্তভোগী মানুষ এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগও করেছে।কর্ণফুলী থানার চর পাথরঘাটায় নদীর তীরঘেঁষা মাঠে গিয়ে দেখা যায় মটর ডালভর্তি বস্তার স্তূপ। কিছু বস্তা ভেজা, কিছু বস্তা খোলা। এসব বস্তার ডাল শুকানোর জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে। বেশির ভাগ ডাল কালো হয়ে দলা পাকিয়ে গেছে। ডালের মধ্যে কিলবিল করছে পোকা। পঁচা ডালের দুর্গন্ধে সেখানে দাঁড়ানো দায়। বস্তা ও ছড়ানো ডাল ঘিরে উড়ছে ঝাঁকে ঝাঁকে মাছি। এই দুর্গন্ধ ও মাছি চর পাথরঘাটা ছাড়িয়ে ইছানগর ও খোয়াজনগরে ছড়িয়ে পড়েছে। ফলে বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে দুই হাজার ৬০০ টন মটর ডাল নিয়ে ডুবে যায় লাইটার জাহাজ হ্যাংগ্যাং-২। প্রায় এক মাস আগে পানির নিচ থেকে ৩০০ টন মটর ডাল উদ্ধার করে চর পাথরঘাটায় নিয়ে আসেন মো. শাহজাহান ও মো. নুরু। এর পর থেকে ওই এলাকা ও আশপাশের মানুষের দুর্ভোগ শুরু হয়েছে।শাহজাহান জানান, জনৈক আবদুর রশিদের কাছ থেকে তাঁরা এই ডাল কিনেছেন। মাছের খাদ্য উৎপাদনকারী কারখানায় তাঁরা এই ডাল বিক্রি করছেন।চর পাথরঘাটার বাসিন্দা ও নিউ সেবা মেডিকেল হলের মালিক পল্লি চিকিৎসক টিটু রঞ্জন দাশ বলেন, ‘ওষুধের দোকানে কখনো মাছি বসতে দেখিনি। মাছির যন্ত্রণায় দোকানে বসতে পারছি না।’জানা যায়, প্রকট দুর্গন্ধের কারণে ডাল শুকানোর বা আবার বস্তায় ভরে ট্রাকে তোলার জন্য প্রয়োজনীয় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। মো. মিজান নামের এক শ্রমিক প্রথম আলোকে বলেন, ‘আমরা দু-তিন দিন আগে শুকিয়ে যাওয়া মটর ডাল বস্তায় ভরে ট্রাকে তুলে দিয়েছিলাম। কিন্তু দুর্গন্ধের কারণে এখানে বেশিক্ষণ কাজ করা যায় না। তাই আর করিনি।’মানুষের দুর্ভোগ প্রসঙ্গে মোহাম্মদ শাহজাহান বলেন, ‘মটর ডাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছির উপদ্রব বেড়েছে তা ঠিক। যত দ্রুত সম্ভব, এগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রয়োজনীয় দিনমজুর না পাওয়ার কারণে এতে দেরি হয়েছে। তিন-চার দিনের মধ্যে ডাল সরিয়ে নেব।’স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মঈনুদ্দিন বলেন, ‘এক মাস ধরে এই যন্ত্রণায় আছি। মাছি আর দুর্গন্ধে বাঁচি না। মানুষ আমার কাছে অভিযোগ করছে। কিন্তু তাঁদের এগুলো সরাতে বললেও তাঁরা শোনেননি।’ তিনি জানান, দুর্গন্ধ ইছানগর ও খোয়াজনগরেও ছড়িয়ে পড়েছে। তবে ওই এলাকার এ অবস্থা সম্পর্কে এখনো জানে না পরিবেশ অধিদপ্তর। এ প্রসঙ্গে অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) মো. তাজমিনুর রহমান বলেন, ‘আমরা এই প্রথম অভিযোগটা শুনলাম। দেখে ব্যবস্থা নিতে হবে।’