পচা ডিমে কেক-পাউরুটি
চমৎকার মোড়কে মোড়ানো কেক ও পাউরুটি। কিন্তু কারখানার ভেতরে ঢুকলেই পচা গন্ধ। ভেতরে মিলল ৪০০ থেকে ৪৫০টি পচা ডিম। কিছু ডিমের গায়ে পোকাও ধরেছে। গতকাল রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ী এলাকার রিফাত বেকারিতে গিয়ে এমন পরিবেশ দেখেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার ব্যবস্থাপক মনির হোসেন (২৫), সহকারী ব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৩২) ও কর্মী মো. আরিফকে (৪৮) ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারখানাটি বন্ধ (সিলগালা) করে দিয়েছেন। র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার গোলাম আম্বিয়া মাহমুদের নেতৃত্বে একদল র্যাব সদস্য। পরে সন্ধ্যায় র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারখানার এ বর্ণনা দেওয়া হয়।
র্যাব কর্মকর্তারা জানান, কারখানায় র্যাব সদস্যরা ঢোকার সঙ্গে সঙ্গেই কর্মীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। কারখানার নারী কর্মীরা জানান, এ সমস্ত পচা ডিম দিয়েই কেক ও পাউরুটি তৈরি করা হয়। কারখানার দুটি কক্ষে পাশের নর্দমার ময়লা পানি ঢুকে পড়েছে। সেখানে বনরুটি ও পাউরুটি রাখা হয়েছে।
নর্দমার পানিতে মিষ্টি: রিফাত বেকারির পাশেই মিষ্টি প্রস্তুতকারক গ্রামীণ সুইটস কারখানা। এখানেও বৃষ্টির কারণে নর্দমার পানি কারখানার ভেতরে ঢুকে পড়েছে। কারখানার ভেতরে নোংরা পানির ওপরেই রাখা হয়েছে মিষ্টির পাত্রগুলো।