পচা পানিতে সয়লাব কদমতলীর মুরাদপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরাদপুরের মাদ্রাসা রোডে জলাবদ্ধতা। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো
মুরাদপুরের মাদ্রাসা রোডে জলাবদ্ধতা। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো

মহল্লার ভাঙাচোরা সড়কে বাসাবাড়ি ও কলকারখানার ব্যবহৃত কালো পানি সয়লাব হয়ে রয়েছে৷ পানির ওপর ভাসছে পয়োবর্জ্যসহ নানান আবর্জনা৷ তা মাড়িয়েই চলাচল করছে বাসিন্দারা। যানবাহন গর্তে পড়ে ঘটছে দুর্ঘটনা৷
গতকাল সোমবার কদমতলীর মুরাদপুরের বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে৷ এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫২ নম্বর ওয়ার্ড ও ডিএনডি বাঁধের অন্তর্ভুক্ত। এই এলাকার পানি সরাতে ব্যবহৃত সেচপাম্পটি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত৷ এলাকাটিতে প্রায় লক্ষাধিক লোকের বসবাস।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে পয়োনিষ্কাশন ও বৃষ্টির পানি অপসারণের কোনো সংযোগ লাইন নেই। সড়কের দুপাশে ছোট নালা ও একটি খালই একমাত্র ভরসা। কিন্তু বিভিন্ন স্থানে নালা ও খাল আবর্জনায় বন্ধ হয়ে গেছে। এতে খাল বেয়ে পানি আর শিমরাইল পাম্পের দিকে যেতে পারে না৷ এ কারণে ওই এলাকার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বদ্ধ পচা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে চর্মরোগ, পেটের পীড়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা৷

সরেজমিনে দেখা যায়, মুরাদপুর মাদ্রাসা রোডের জিরো পয়েন্ট থেকে কুদার বাজার পর্যন্ত সড়কে প্রায় হাঁটুসমান কালো পানি জমে রয়েছে। পানির ওপর পয়োবর্জ্যসহ বিভিন্ন আবর্জনা ভাসছে। এই সড়কের দুপাশে শতাধিক দোকানপাটের ভেতর পানি উঠে গেছে। এর অধিকাংশই বন্ধ দেখা গেছে৷ এই পানি মাড়িয়েই চলাচল করছে পথচারীরা৷ চাকা গর্তে পড়ে আটকে রয়েছে রিকশাভ্যান৷ একইভাবে হাজি লালমিয়া সরকার রোড, আইডিয়াল স্কুলের গলি, উত্তর মুরাদপুর, মুরাদপুর মাদ্রাসা গলি, মুরাদপুর হাইস্কুল রোড, শিশু কবরস্থান, জোড়া পাঁচতলা ভবন রোড, মুরাদপুর আদর্শ উচ্চবিদ্যালয়, সরকারবাড়ি জামে মসজিদ, সানরাইজ প্রিপারেটরি স্কুল, পোকার বাজার, অক্সফোর্ড স্কুল, রজ্জব আলী সরদার রোড, ছায়া স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেশন স্কুল এবং রোজ হেভেন মডেল স্কুলের সামনের সড়ক জলাবদ্ধ হয়ে রয়েছে। প্রতিটি এলাকায় সড়কে পয়োবর্জ্যের দুর্গন্ধ। অধিকাংশ সড়কই ভাঙাচোরা। এ ছাড়া মুরাদপরের তিতাস খালে আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। এতে ময়লা পানি সরতে পারছে না। জলাবদ্ধতার কারণে নবনির্মিত অধিকাংশ বাড়ি পাঁচ-ছয় ফুট উঁচুতে ভিত্তিপ্রস্তর করতে দেখা গেছে।

ছায়া স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেশন স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন দেওয়ান বলেন, তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে৷ প্রতিদিন তারা এই ময়লা পানি মাড়িয়েই বিদ্যালয়ে আসা-যাওয়া করে৷ এতে তাদের শরীরে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই বিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীদের হাত-পা পরিষ্কারের জন্য সাবান দেওয়া হয়েছে৷ ময়লা পানির দুর্গন্ধে শ্রেণিকক্ষে থাকা দায়৷

পোকার বাজারের স্থানীয় বাসিন্দা শেখ মোহাম্মদ শাওন বলেন, জলাবদ্ধতার কারণে মুরাদপুরের আড়াই শতাধিক দোকানপাট স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে৷ বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই বিভিন্ন বাসাবাড়ির ভেতর পানির সঙ্গে পয়োবর্জ্য ঢুকে যায়৷ এতে মহল্লার অনেকেই চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এভাবে সাত-আট বছর ধরে বসবাস করছে বাসিন্দারা৷

ডিএসসিসির সূত্র জানায়, জলাবদ্ধতা থেকে বাঁচতে প্রায় সাড়ে চার শ কোটি টাকা ব্যয়ে মুরাদপুরের কয়েকটি সড়ক সংস্কার এবং তিন-চার ফুট উঁচু করা হয়েছে। এতে সড়কের দুপাশের বাসাবাড়ি ও দোকানপাট নিচু হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কের পানি বাসাবাড়ি ও দোকানপাটে ঢুকে যায়।

নাগরিকদের দুর্ভোগের কথা স্বীকার করে ডিএসসিসির ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া প্রথম আলোকে বলেন, কদমতলীসহ আশপাশের এলাকায় প্রায় ৪০ ফুট প্রস্থের ৫৫ কিলোমিটার দীর্ঘ একটি খাল ছিল৷ কিন্তু দখল-দূষণে বর্তমানে এর তেমন কোনো অস্তিত্ব নেই। এই খাল দখলমুক্ত করা গেলেই মহল্লার জলাবদ্ধতা থাকবে না৷ ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে সরকারের একটি বড় প্রকল্পের কাজ চলছে৷