পচা মাংস বিক্রির দায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বুড়ির বাজারে অসুস্থ গরু জবাই করে খাওয়ার অনুপযোগী পচা মাংস বিক্রির দায়ে দুই মাংসবিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলা সদরের বুড়ির বাজারে গোপনে রোগাক্রান্ত গরু জবাই করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় উপজেলার বিন্নাগারি গ্রামের মাংস ব্যবসায়ী দুলু মিয়া (৪৫) ও একই এলাকার আফজাল হোসেনকে (৪২) আটক করা হয়। দিবাগত রাত আনুমানিক দুইটায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। আদিতমারী থানার ওসি শাহিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।