পচার আগেই টমেটো দিয়ে তৈরি হচ্ছে জ্যাম জেলি সস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টমেটো চাষ করে দিন বদলেছেন কৃষকেরা। কিন্তু প্রক্রিয়াজাত করতে না পারায় উপজেলায় উৎপাদিত টমেটোর প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পচে নষ্ট হয়। এবার সেই টমেটো প্রক্রিয়াজাত করে কাজে লাগানোর চেষ্টা করছেন সেখানকার নারীরা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনা (আইপিএম) ও সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম) প্রকল্পের মাধ্যমে উপজেলার গ্রামে গ্রামে কৃষকদের জন্য ক্লাব করে দেওয়া হয়েছে। ক্লাবের বেশির ভাগ সদস্যই নারী। এই সদস্যদের টমেটো থেকে জ্যাম, জেলি, সস, ক্যাচাপ, চাটনি ও পানীয় তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরই মধ্যে তাঁরা উৎপাদন শুরু করেছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে জানা গেছে, উপজেলায় ব্যাপকভাবে টমেটো উৎপাদন করা হয়। প্রায় সাত হাজার কৃষক এর সঙ্গে জড়িত। গোদাগাড়ীর এসব টমেটো ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। কিন্তু প্রক্রিয়াজাত করতে না পারায় এর বড় একটি অংশ পচে নষ্ট হয়ে যায়।২০১২ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন টমেটো প্রক্রিয়াজাতকরণের ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন। পরে এসব কর্মকর্তা গ্রামে গ্রামে ক্লাব গঠন করে এর সদস্যদের প্রশিক্ষণ দেন।১১ জানুয়ারি উপজেলার সাড়োইল গ্রামে সরেজমিনে দেখা যায়, একটি মাঠে আইপিএম ক্লাবের ১০০ জন সদস্যকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নূরুল ইসলাম।সেখানে আগেই প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নারীকে টমেটো প্রক্রিয়াজাতের কাজ করতে দেখা গেল। তাঁদের কেউ টমেটো কাটছেন, কেউ বিচি ছাড়াচ্ছেন, কেউ চুলায় জ্বাল দিচ্ছেন ও কেউ বোতলে ভরছেন। তাঁরা জানান, তাঁরা এখন সদস্যদের পরিবারে খাওয়ার জন্য টমেটো প্রক্রিয়াজাত করছেন। এখানে বিপুল পরিমাণ টমেটোর সরবরাহ রয়েছে। বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারলে এই টমেটো কাজে লাগানো যাবে। ক্লাবের নামে বিএসটিআইয়ের অনুমোদন ও ক্ষুদ্রঋণ পেলে তাঁরা বাণিজ্যিকভাবে এ কাজ করতে পারবেন বলে জানান।গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান, উপজেলায় উৎপাদিত বিপুল পরিমাণ টমেটোর ১৫ থেকে ২০ শতাংশ পচে নষ্ট হয়ে যায়। প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করতে পারলে এই ক্ষতি হতো না। সেই লক্ষ্যে তাঁরা এই প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব ক্লাবের সদস্যদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।