পচা-বাসি সব মিষ্টিই মেলে দোকানে!

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বাসি মিষ্টি বিক্রি করার অপরাধে চট্টগ্রাম নগরের দুটি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার নগরের তিনপোলের মাথা এবং বাটালি রোড এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তিন মণ পচা ও বাসি মিষ্টি এবং মিষ্টিজাত পণ্য ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। অভিযানে তিনপোলের মাথা এলাকার ঘোষ সুইটসকে ৫০ হাজার টাকা এবং বাটালি রোডের ধানসিঁড়ি সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘোষ সুইটসে বাসি জিলাপির রস পাওয়া যায়। মিষ্টির হাঁড়িতে মরা পোকা-মাকড় পাওয়া যায়। ছিল ছত্রাক পড়া মিষ্টিও। আর কারখানার পরিবেশ ছিল নোংরা। মিষ্টিজাত পণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। দোকানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ধানসিঁড়ি সুইটসে অভিযান চালিয়ে ছত্রাক পড়া মিষ্টি জব্দ করা হয়। দোকানের মিষ্টি ও মিষ্টিজাত পণ্যের মোড়কে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল না। দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।