মাছ ও পাখির অভয়াশ্রম মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিলের পানি নষ্ট হয়ে গেছে। পচে গেছে জলজ উদ্ভিদ। মারা যাচ্ছে বিলের পাখি। মাছচোর চক্রের দেখাদেখি বিলপারের হাজারো বাসিন্দা চার দিন ধরে মাছ লুট অব্যাহত রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত শুক্রবার বিকেল থেকে বিল এলাকায় ১৪৪ ধারা জারি করা হলেও মাছ ধরা বন্ধ হয়নি। মাছ লুটে এলাকাবাসীর অভিযোগের তির বাইক্কা বিলের ব্যবস্থাপনা কমিটির (বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন) দিকে। তবে অবাধে মাছ ধরতে না পারা মহলের ক্ষোভ, এলাকাবাসীর মধ্যে নেতৃত্বের কোন্দল এবং যথাসময়ে প্রশাসনের সঠিক উদ্যোগ গ্রহণ করতে না পারাকেও মাছ লুটের কারণ বলে চিহ্নিত করা হচ্ছে। এলাকাবাসী, জনপ্রতিনিধি ও কমিটির লোকজনের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। গতকাল সোমবারও বিলের মাছ লুট হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গত শনিবার সকালে বিল এলাকায় গেলে বরুণা গ্রামের কলিম উদ্দিন বলেন, ‘বিল ব্যবস্থাপনা কমিটির লোকজনই মাছ ধরে বিক্রি করছে। মাইনষের কথা—আমরা কী দোষ করলাম। সরকারের সম্পদ তারাও খাইব আমরাও খাইমু।’ তবে বিলের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলছেন, যাঁরা বিল ইজারা নিতে চেষ্টা করেন ও মৎস্যজীবীদের দারিদ্র্যের সুযোগ নিয়ে সুদের কারবার করেন, তাঁরাই বিলকে মেনে নিতে পারেননি। কমিটির সভাপতি আবদুস সোবহান চৌধুরী বলেন, ‘আট-দশ দিন আগে বিলের কিছু মাছ মরে ভেসে ওঠে। এই মাছ মৎস্য কর্মকর্তা ও গ্রামের মুরব্বিদের উপস্থিতিতে বাজারে বিক্রি করা হয়। অথচ মাছচোর এবং যাঁরা বিলটিকে নিজেদের কবজায় নিতে পারেননি, তাঁরা এ ব্যাপারে মিথ্যা প্রচারণা চালিয়েছেন।’ শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতলিব বলেন, ১৪৪ ধারা শুরুতে দিলে এভাবে মাছ লুট হতো না। শনিবার সকালে বিলে গিয়ে দেখা গেছে, বিলের পশ্চিম দিকে শতাধিক মানুষ মাছ ধরছেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফাকুল হক চৌধুরী বলেন, পানি থাকলে লোকজন মাছ ধরতে পারত না। বৃষ্টি হলে এ সমস্যা থাকবে না।আইপ্যাকের (ইন্টিগ্রেটেড প্রটেক্টেড এরিয়া কো-ম্যানেজম্যান্ট প্রজেক্ট) সাবেক ক্লাস্টার পরিচালক মাযহারুল ইসলাম গতকাল বলেন, বিলের পানি ঘোলা হয়ে গেছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় পানিতে অক্সিজেন কমে গেছে। পাখি কমে গেছে। বাইক্কা বিল রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকো সিস্টেম অ্যান্ড লাইভলিহুডের (ক্রেল) এলাকা সহকারী মনিরুজ্জামান গতকাল বলেন, ‘রোববার নৌকায় করে বিলে ঘুরেছি। পানিতে পচা গন্ধ। বড় বড় প্রচুর মরা মাছ ভেসে থাকতে দেখেছি। জলজ উদ্ভিদ পচে নষ্ট হয়ে গেছে। পাখি কমে গেছে।’ মানববন্ধন: বিলের পরিবেশ ধ্বংস ও মাছ লুটের প্রতিবাদে শনিবার মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন প্ল্যানেট মৌলভীবাজার শাখা যৌথভাবে মানববন্ধন করেছে। এতে বক্তব্য দেন বাপার যুগ্ম আহ্বায়ক শরীফ জামিল, বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম, পরিবেশকর্মী আ স ম সালেহ সোহেল প্রমুখ।