পচে যাওয়া আলুর ক্ষতিপূরণ দিচ্ছে মালিকপক্ষ
দিনাজপুরের উত্তরা হিমাগারে পচে যাওয়া আলুর আংশিক ক্ষতিপূরণ দিচ্ছে মালিকপক্ষ। গতকাল বুধবার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ক্ষতিপূরণ দেওয়া শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে চেহেলগাজী কৃষক কল্যাণ সমিতির সভাপতি আজিজুল ইসলাম জানান, মালিকপক্ষের সঙ্গে কৃষকদের একটি সমঝোতা হয়েছে। হিমাগারের মালিক নওশাদ আফরোজ ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে নিজের দেউলিয়া হওয়ার কারণ দেখিয়ে তাঁদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। সেই সঙ্গে তিনি তাঁর মায়ের নির্দেশ অনুযায়ী আংশিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন। কৃষকেরা তাঁর ওই প্রস্তাব মেনে নিয়েছেন।
ওই সমঝোতা অনুযায়ী, প্রতি বস্তা আলুর জন্য কৃষকদের ১০০ টাকা দেওয়া হচ্ছে। গতকাল ১০ জন ব্যবসায়ী ও চাষিকে ক্ষতিপূরণ দেওয়া হয়। তাঁদের হাতে টাকা তুলে দেন হিমাগারের মালিক নওশাদ আফরোজ। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সরকার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এ জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের আলু সংরক্ষণের মূল প্রমাণপত্র (জমা স্লিপ) নিয়ে দিনাজপুর শহরের মুন্সিপাড়ার ‘রওশন টাওয়ার’ অথবা চেহেলগাজী কৃষক কল্যাণ সমিতি কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় ‘উত্তরা হিমঘর’ নামের এ হিমাগারটি অবস্থিত। অব্যাহত বিদ্যুৎ-সংকট ও জেনারেটর নষ্ট থাকায় ২০১০ সালের এপ্রিলে হিমাগারটিতে সংরক্ষিত আলুর মধ্যে ৩৫ হাজার বস্তা পচে যায়।