পচে যাচ্ছে ধানের শিষের গোড়া, চিন্তিত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের দুই উপজেলায় বোরো ধানের খেত নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে। দুই জেলার ৪৯৪ একর জমিতে এ রোগ ছড়িয়ে পড়েছে। অধিকাংশ জমির ধানগাছের শিষের গোড়া পচে গেছে। এতে ফলন অনেক কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কাটা ও মাড়াইয়ের আগমুহূর্তে ধানখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
গত বুধবার সকালে কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ সোনালি ধানগাছ দোল খাচ্ছে। ধান দেখে কৃষকের মুখে হাসি থাকার কথা। কিন্তু অবস্থা হয়েছে উল্টো। ধানের শিষের গোড়া পচে সাদা ও তামাটে রং ধারণ করেছে। শিষ শুকিয়ে গেছে। শিষে কোনো দানা নেই।
কৃষকেরা জানান, ধানের শিষ বের হয়ে দুধ থেকে চাল হওয়ার সময় শিষের গোড়া পচে যায়। এতে শিষ শুকিয়ে সাদা হয়। অনেক সময় কালো দাগ হয়। একবার ভাইরাস আক্রমণ করলে ওষুধে কাজ হয় না। বিশেষ করে নিচু এলাকার জমিতে ভাইরাস রোগ বেশি দেখা যাচ্ছে। জমির ধান জমিতে পড়ে আছে। অনেক গৃহস্থ গরুকে খাওয়ানোর জন্য কেটে নিয়ে যাচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দুবাআছরি বিলে গিয়ে দেখা যায়, ৬০ একর জমির প্রায় সব আক্রান্ত হয়েছে। নিজের জমির ধান কাটছেন কৃষক ময়নুল ইসলাম। তিনি ধানের আঁটি দেখিয়ে বলেন, ১০ বিঘা জমির বোরো ধান সব শ্যাষ হয়া গেইছে। এলা কেমন করি চলম জানি না। হামরা সরকারের কাছে ক্ষতিপূরণ চাই।
একই এলাকার কৃষক আবদুল ছালাম বলেন, ‘তিন বিঘা জমি আদি (বর্গা) নিয়ে ২৮ ধান আবাদ করি। এক সের ধান পাব না। তিন হাজার টাকা ধার নিয়ে আবাদ করি। ধানও গেল, ট্যাকাও গেল। কীভাবে চলব বুঝতে পারছি না। ধারের ট্যাকা শোধ দেওয়ার উপায় নাই।’
নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা গ্রামের কৃষক জয়নাল আবেদীন, শাহাজালাল ও আহমদ আলী জানান, তাঁরা কৃষি বিভাগের লোকজনের পরামর্শে আক্রান্ত খেতে নাটভো ও ছিলিয়া জিল দুবার করে ছিটিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কৃষক শাহাজালাল তাঁর তিন বিঘা জমির ২৮ জাতের বোরো ধানখেত ঘুরে দেখান। তাঁর পুরো জমির ধানের শিষের গোড়া পচে গেছে। কাছারি পয়রাডাঙ্গাসহ আশপাশের পুরো এলাকার প্রায় ৫০ একর জমির বোরো ধানের শিষের গোড়া পচে শুকিয়ে গেছে।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা আসেনি। এ পর্যন্ত ২০০ হেক্টর (৪৯৪ হেক্টর) জমিতে আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শওকত আলী বলেন, ‘নেক ব্লাস্ট ছত্রাকজনিত একটি রোগ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগাম বৃষ্টি হওয়ায় ২৮ জাতের বোরো ধানের খেত এ রোগে আক্রান্ত হতে পারে। আমরা কৃষকদের ছত্রাকনাশক নাটিভো, ট্যুপার, অমিস্টারটপ স্প্রে করতে পরামর্শ দিচ্ছি।’