পচে যাচ্ছে বীজতলা ও সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের দক্ষিণ চাওড়া গ্রামটি নয় দিন ধরে এভাবে জলাবদ্ধ। গত শনিবার সকালে তোলা ছবি l প্রথম আলো
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের দক্ষিণ চাওড়া গ্রামটি নয় দিন ধরে এভাবে জলাবদ্ধ। গত শনিবার সকালে তোলা ছবি l প্রথম আলো

গত নয় দিনের টানা প্রবল বর্ষণ ও বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে অধিক উচ্চতার জোয়ারে বরগুনার আমতলী ও তালতলী ‍উপজেলার ৪২টি গ্রামে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষি বিভাগ সূত্র জানায়, দীর্ঘ জলাবদ্ধতায় দুই উপজেলার ৭০০ হেক্টর জমির আমনের বীজতলা ও ২০০ হেক্টরের সবজিখেত সম্পূর্ণ পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা। জলাবদ্ধতায় অন্তত ৫০০ পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ঘেরমালিকেরা। এতে চলতি আমন আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কায় আছেন কৃষকেরা।

আমতলী উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে বরগুনাসহ দক্ষিণ উপকূলে একটানা নয় দিন প্রবল বর্ষণ অব্যাহত থাকে। এর সঙ্গে গত শুক্রবার থেকে যোগ হয় বঙ্গোপসাগরে লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে অধিক উচ্চতার জোয়ারের তাণ্ডব। প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের ফলে দুই উপজেলার ৪২টি গ্রামে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার ফলে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া, টেপুরা, দক্ষিণ তক্তাবুনিয়া, চিলা, সোনাউটা, উত্তর তক্তাবুনিয়া; চাওরা ইউনিয়নের চন্দ্রা, কাউনিয়া, উত্তর ঘটখালী, পাতাকাটা; আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী, ইসলামপুর, নাচনাপাড়া, মরিচবুনিয়া, শিয়ালিয়া, মহিষডাঙ্গা; আঠারগাছিয়া ইউনিয়নের গোডাঙ্গা, সোনাখালী, গাজীপুর, চাউলা, গেরাবুনিয়া; কুকুয়া ইউনিয়নের আজিমপুর কুকুয়া, পূর্ব চুনাখালী, পশ্চিম চুনাখালী, কালিপুরাসহ ২৫ গ্রামে এবং তালতলী উপজেলার শারিখখালী ইউনিয়নের বাদুরগাছা, নলবুনিয়া, কচুপাত্রা, চাউলাপাড়া, আঙ্গারপাড়া; কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর, বেহেলা, উত্তর ঝাড়াখালী, পূর্ব ঝাড়াখালী, হেলেঞ্চাবাড়িয়া, পাঁচশবিঘা; ছোটবগি ইউনিয়নের জাকিরতবক, গেন্ডামারা, মৌপাড়া, গাবতলী; চরপাড়া পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা, গাববাড়িয়া, হারিপাড়া, হুলাটানা, বড়পাড়া ও কলারংসহ ২২ গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব গ্রামে সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে।

কৃষি বিভাগ সূত্র জানায়, এসব এলাকায় চলতি আমন মৌসুমের জন্য কৃষকেরা প্রায় ৭০০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করেন। এসব বীজতলা নয় দিন ধরে তিন-চার ফুট পানির নিচে নিমজ্জিত রয়েছে বলে জানান এলাকার কৃষকেরা।

আমতলীর গোডাঙ্গা গ্রামের রুস্তম আলী হাওলাদার জানান, তাঁর ৫০ শতাংশ আমনের বীজতলা প্রায় চার-পাঁচ ফুট পানির নিচে রয়েছে। আর দুই-তিন দিন এভাবে থাকলে সম্পূর্ণ বীজতলা নষ্ট হয়ে যাবে। নতুন বীজতলা করে আবার আমন ধান আবাদ করা অসম্ভব হয়ে পড়বে।

তালতলীর চাউলাপাড়া গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, তিনি এক বিঘা জমিতে আমনের বীজতলা করেছিলেন। অতিবর্ষণে জমে যাওয়া পানিতে তলিয়ে রয়েছে। এতে অনেক বীজ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে বীজতলা তৈরি করে আমনের চাষ করা খুব কঠিন কাজ হবে বলে তিনি মন্তব্য করেন।

কৃষি বিভাগ জানায়, দুই উপজেলায় প্রায় ২০০ হেক্টর জমির সবজিখেত সম্পূর্ণ পচে গেছে। কৃষকেরা জানান, লাউ, শসা, করলা, চিচিঙ্গা, ঝিঙেসহ সব ধরনের সবজিগাছ লাল হয়ে পচন ধরেছে। এসব গাছে আর ফলনের আসা নেই বলে জানান কৃষকেরা।

আমতলী উপজেলার চলাভাঙা গ্রামের সবজিচাষি স্বপন মিয়া বলেন, ‘দেওয়ইতে (বৃষ্টি) মোগো সব খ্যাত নষ্ট অইয়া গ্যাছে। এক বিঘা জমিতে লাউ, পুঁই, করলা লাগাইছালাম, পানিতে সব শ্যাষ! এহন কী হরমু এই চিন্তায় দিশাহারা।’

একইভাবে বর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে দুই উপজেলার অন্তত ৫০০ পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। পশ্চিম কুকুয়া গ্রামের ফরহাদ তালুকদার জানান, অতিবর্ষণে আকস্মিক ঘের তলিয়ে প্রায় তিন-চার লাখ টাকার মাছ ভেসে গেছে। তালতলীর গাববাড়িয়া গ্রামের আফজাল হোসেন জানান, তাঁর একটি পুকুর ডুবে যাওয়ায় দেড় লাখ টাকার রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে।

 আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল আলম বলেন, ‘পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এক সপ্তাহের বেশি টানা বর্ষণে আমতলী ও তালতলী উপজেলার অধিকাংশ গ্রামের আমনের বীজতলা ও সবজিখেত তলিয়ে গেছে। আর দু-এক দিন জলাবদ্ধতা অব্যাহত থাকলে অধিকাংশ বীজতলা ও সবজিখেত পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। বীজ নষ্ট হয়ে গেলে চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত।