পছন্দের এয়ারলাইনসে যেতে পারবেন না হজযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের নিজেদের পছন্দের এয়ারলাইনসে করে সৌদি আরব যেতে অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তবে রিট আবেদনকারী রেজাউল ইসলামের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

আজ রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি এ এইচ এম শামুসদ্দিন চৌধুরী রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।

গত ২৯ জুলাইয়ের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট হজযাত্রীদের নিজেদের পছন্দমতো এয়ারলাইনসে করে সৌদি আরবে যাওয়ার অনুমতি দেন এবং রুল জারি করেন। কিন্তু হাইকোর্টের এ আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে গত সপ্তাহে আবেদন করা হয়। আজ শুনানি শেষে আদালত আদেশ দেন।

গত ২৪ এপ্রিল বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, হজযাত্রীদের ৫০ শতাংশ বাংলাদেশ এয়ারলাইনসে ও ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনসে সৌদি আরব যাবে।

এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হজে গমনেচ্ছু রেজাউল ইসলাম, আল মাহমুদ ট্রাভেলসের স্বত্বাধিকারী আবদুল কবীর খান ও হজ এজেন্সি অব বাংলাদেশের (হাব) পক্ষে এ রিট আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। রিট আবেদনের পক্ষে ছিলেন শেখ ফজলে নূর তাপস, মো. মেহেদী হাসান চৌধুরী ও মাহবুব শফিক।

পরে মাহবুব শফিক প্রথম আলো ডটকমকে বলেন, চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। তবে রিটকারী রেজাউল ইসলামের ক্ষেত্রে এ আদেশ প্রাযোজ্য নয়। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশের ফলে এখন হজযাত্রীদের বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসে করে সৌদি আরব যেতে হবে। তবে কেউ প্রতিকার চাইলে আবেদন করতে পারেন।