পছন্দের ছাত্রদের ভর্তি না করায় ছাত্রলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেিণতে অপেক্ষমাণ তালিকা থেকে পছন্দের ছাত্রদের ভর্তি না করানোয় গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজে ভাঙচুর চালিয়েছেন ওই কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ রাজশাহী সরকারি সিটি কলেজেও একইভাবে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
২৩ ও ২৪ জুন মেধাতালিকা থেকে ঢাকা কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয়৷ এরপর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়৷ কলেজের একাধিক শিক্ষক অভিযোগ করেন, প্রথম থেকেই অপেক্ষমাণ তালিকার পেছন দিকে থাকা কয়েকজন শিক্ষার্থীকে ভর্তির জন্য চাপ দেন ছাত্রলীগের কয়েকজন নেতা৷ তাদের মধ্যে কয়েকজন নির্ধারিত নিয়মেই ভর্তি হতে পেরেছে৷ কিন্তু ছাত্রলীগের চাহিদামতো বাকিদের ভর্তি না করানোয় এই ভাঙচুর চালানো হয়৷
ঢাকা কলেজের শিক্ষক ও ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, অপেক্ষমাণ তালিকার পেছনের সারির ওই সব ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে তাদের ভর্তির আশ্বাস িদয়েছিলেন ছাত্রলীগের নেতারা৷
স্থগিত কলেজ শাখা ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, গতকাল বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির তারিখ ছিল৷ ভর্তি শুরুর আগেই ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা অধ্যক্ষের সঙ্গে দেখা করে রাজনৈতিকভাবে কিছু শিক্ষার্থীকে ভর্তি করানোর কথা বলেন৷ কিন্তু অধ্যক্ষ তাঁদের কথা অনুযায়ী ভর্তি না করে চলে যান৷ পরে বেলা তিনটার দিকে ছাত্রলীগের কিছু কর্মী অধ্যক্ষের কক্ষের সামনে ও শিক্ষকদের বসার কক্ষ ভাঙচুর করেন৷ এ সময় ঘড়ি, চেয়ার-টেবিলের পাশাপাশি কলেজের কিছু ক্রেস্টও ভাঙচুর করা হয়৷
ভাঙচুরকারীরা সাবেক কমিটির সাধারণ সম্পাদক সাকিব হাসান, সহসভাপতি সাগর সাহা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক বি এম চয়নের অনুসারী বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷ তবে সাকিব হাসান এ অভিযোগ অস্বীকার করেন৷ ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি ফুয়াদ হাসান বলেন, ‘শুনেছি, কিছু জুনিয়র নেতা-কর্মী ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে চেয়েছিল৷ কিন্তু না পেরে ভাঙচুর করেছে৷’
বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ এসে ভাঙা জিনিসপত্র জব্দ করে নিয়ে যায়৷ পুলিশ দলের নেতৃত্বে থাকা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘শুনেছি, ভর্তিসংক্রান্ত ঝামেলায় ছেলেরা ভাঙচুর করেছে৷’
রাজশাহীতে ভাঙচুর: প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী সরকারি সিটি কলেজে গতকাল সকাল থেকে শান্তিপূর্ণভাবে একাদশ শ্রেিণর ভর্তির কার্যক্রম চলছিল। হঠাৎ দুপুর ১২টার দিকে ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী ভর্তিকক্ষের ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। এ সময় ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আতঙ্কে দৌড়ে ভর্তিকক্ষ থেকে বের হয়ে যান। হামলাকারীরা কক্ষের বেশ কিছু চেয়ার, বেঞ্চ ও জানালার কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ ও শিক্ষকেরা এসে তাঁদের শান্ত করেন। ছাত্রলীগের ভাঙচুরে প্রায় দেড় ঘণ্টা ভর্তি কার্যক্রম বন্ধ ছিল।
এ ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন বলেন, অপেক্ষমাণ তালিকায় ২০০ জনের জায়গায় আরও অতিরিক্ত ১০ জনের রোল নম্বর দেখে তাঁরা এই অনিয়মের প্রতিবাদ জানান। তিনি বলেন, ২০০ জনের ভর্তি হয়ে গেলে পরে আবার অপেক্ষমাণ তালিকা ঝোলাতে হবে। কলেজ কর্তৃপক্ষ তা না করে একই সঙ্গে আরও ১০ শিক্ষার্থীর রোল নম্বর টাঙিয়েছিল। এটা হতে পারে না।
তবে কলেজের অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেন, ‘ওসব কোনো ঘটনা নয়, ওরা ভর্তি হতে আসা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে, যাতে ভয় পেয়ে শিক্ষার্থীরা চলে যায়। তাহলে ফাঁকা আসনে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষকে চাপ দিতে পারবে।’
এর আগে গত মঙ্গলবার রাজশাহী কলেজ ও বুধবার রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে হামলার ঘটনা ঘটে। দুটি ঘটনাতেই ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ৷