
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কাউন্টার খুলতেই অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীরা উল্লাস করে ওঠেন। শুরু হয় ২৪ জুনের ঈদযাত্রার টিকিট বিক্রি। উপচে পড়া ভিড়ে দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে অধিকাংশের মুখে ছিল হাসি।
গতকাল বৃহস্পতিবার অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে কমলাপুর রেলস্টেশনে এমন চিত্র ছিল। তবে আগের দিনের মতো গতকালও কয়েকটি পথে চাহিদা অনুযায়ী ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রতি (এসি) কোচের টিকিট পাননি বলে অভিযোগ করেন টিকিটপ্রত্যাশীরা।
সকাল আটটায় টিকিট বিক্রি শুরুর অল্প সময় পর দিনাজপুরগামী তিস্তা এক্সপ্রেসের এসি কোচের টিকিট শেষ হয়েছে বলে জানান স্টেশনের কাউন্টারের কর্মচারীরা। তখন হইচই ও হট্টগোল শুরু হয়। পরে শোভন চেয়ার, শোভনের টিকিট কিনে তাঁদের সন্তুষ্ট থাকতে হয়।
ঈদ উপলক্ষে রেলওয়ে গত সোমবার থেকে আন্তনগর ও বিশেষ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। আজ শুক্রবার অগ্রিম টিকিট বিক্রি শেষ হবে।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল ২৪ হাজার ৬০৮টি টিকিট বিক্রির জন্য বরাদ্দ ছিল। এর মধ্যে ৬৫ শতাংশ কাউন্টার থেকে, ২৫ শতাংশ মোবাইল ফোন বা অনলাইনের মাধ্যমে, ৫ শতাংশ ভিআইপিদের জন্য এবং ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্তাদের জন্য বরাদ্দ।
স্টেশনে টিকিটপ্রত্যাশীদের অনেকেই এসেছেন গতকাল ভোররাতে সাহ্রির পর। তবে কাউন্টারের সামনে দীর্ঘ সারির প্রথম দিকের কেউ কেউ গত বুধবার থেকে আছেন বলে জানান। চাকরিজীবী তানজিমউদ্দিন বুধবার রাত থেকে স্টেশনে ছিলেন। লম্বা সারির শুরুর দিকে থাকলেও এসির চারটি টিকিট পাননি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি শোভন চেয়ারের টিকিট কিনতে বাধ্য হন।
আবার দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে অনেকে স্বস্তি প্রকাশ করেন। ঈদের ছুটিতে পরিবারকে নিয়ে চট্টগ্রামে যাবেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রশান্ত কুমার মল্লিক। সুবর্ণ এক্সপ্রেসের এসির টিকিট হাতে পেয়ে একগাল হেসে বললেন, ‘কষ্টটা সার্থক। ঈদে আরাম করে বাড়ি যেতে পারব, তা ভাবতে বেশ আনন্দ লাগছে।’
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, টিকিট ছাড়া তো কেউ ফেরত যাচ্ছেন না। হয়তো চাহিদা অনুযায়ী টিকিট পাচ্ছেন না। এসির টিকিট কম আছে, কারণ এটার বরাদ্দ কম। দু-একটি ট্রেনের টিকিট হয়তো ফুরিয়ে যেতে পারে। তবে টিকিট তো আছে।
গতকাল বেলা ১১টার দিকে কমলাপুর স্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, টিকিট বিক্রির প্রথম দিন থেকে স্টেশনে র্যাবের ক্যাম্প করা হয়েছে। ঈদের সময় গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে র্যাবের নজরদারি থাকবে।