পছন্দের ঠিকাদার পাননি, তাই কাজই বাতিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব নিয়ম মেনে লটারির মাধ্যমে তিনটি প্রকল্পের কাজ পেয়েছিলেন তিন ঠিকাদার। এর মধ্যে দুই ঠিকাদারের কাজ বাতিল করেছে কর্তৃপক্ষ। তবে অপর ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে।
বঞ্চিত দুই ঠিকাদারের অভিযোগ, লটারিতে পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় রংপুর জেলা পরিষদ কর্তৃপক্ষ কাজগুলো বিক্রির প্রস্তাব দিয়েছিল। এতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাঁদের কাজই বাতিল করা হয়েছে। এখন নতুন করে দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ৩ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা পরিষদ অধিশাখার উপসচিব জুবাইদা নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য দরপত্র বিজ্ঞপ্তি বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় ছাপা হয়নি। এতে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮ ভঙ্গ হয়েছে। তাই প্রকল্প দুটি বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হলো।
কাজ দুটি পেয়েছিলেন ঠিকাদার মোহাম্মদ নুরুজ্জামান ও ঠিকাদার শোয়েব আহমেদ। তাঁরা অভিযোগ করেন, পছন্দের ঠিকাদার লটারিতে কাজ না পাওয়ায় জেলা পরিষদ কর্তৃপক্ষ অনিয়ম করে তাঁদের কাজ বাতিল করেছে। তাঁরা প্রশ্ন তোলেন, নিয়ম অনুযায়ী দরপত্র না হলে অপর প্রকল্পটি বহাল থাকল কীভাবে?
জেলা পরিষদ সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় দুই কোটি টাকা অর্থ সহায়তায় জেলা পরিষদের পক্ষ থেকে পৃথক তিনটি প্রকল্প বাস্তবায়নের জন্য গত বছরের ৮ নভেম্বর দরপত্র আহ্বান করেন জেলা পরিষদের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী এ জেড এম আহছান উল্লাহ। জেলা পরিষদের তালিকাভুক্ত ১৫৫ জন ঠিকাদার শিডিউল কিনে জমা দেন। ২৫ মার্চ লটারির মাধ্যমে কাজ তিনটি পায় তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এই কাজ তিনটি হলো ৮০ লাখ টাকা ব্যয়ে গঙ্গাচড়া বাজারের দুই পাশে পানিনিষ্কাশনের জন্য নর্দমা তৈরি, ৭০ লাখ টাকা ব্যয়ে মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের পাঁচটি শ্রেণিকক্ষ নির্মাণসহ পুরোনো ঘর মেরামত এবং ৫০ লাখ টাকা ব্যয়ে মকবুল হোসেন জেনারেল অ্যান্ড ডায়াবেটিক হাসপাতাল মেরামত।
এর মধ্যে লটারিতে মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের পাঁচটি শ্রেণিকক্ষ নির্মাণসহ পুরোনো ঘর মেরামতের কাজটি পায় মেসার্স হিলফুল হিযবুল এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুজ্জামান অভিযোগ করেন, লটারিতে কাজ পাওয়ার পর তাঁকে একটি চিঠি দেওয়া হয়। তাঁর কাজটি জেলা পরিষদ কর্তৃপক্ষের পছন্দের ঠিকাদারের কাছে বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় তাঁর কাজটি শেষ পর্যন্ত বাতিলই করে দেয় কর্তৃপক্ষ। একই অভিযোগ করেন অপর ঠিকাদার শোয়েব আহমেদ। তিনি লটারিতে গঙ্গাচড়া বাজারের দুই পাশে পানিনিষ্কাশনের জন্য নর্দমা তৈরি প্রকল্পের কাজ পেয়েছিলেন। তাঁর কাজটিও বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে ঠিকাদারদের এ অভিযোগ অস্বীকার করে দরপত্র আহ্বানকারী জেলা পরিষদের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আহছান উল্লাহ প্রথম আলোকে বলেন, লটারিতে কাজ পাওয়ার পর শর্ত অনুযায়ী তিনটি প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু মন্ত্রণালয় মকবুল হোসেন জেনারেল অ্যান্ড ডায়াবেটিক হাসপাতাল মেরামত প্রকল্পের দরপত্র অনুমোদন করলেও বাকি দুটি প্রকল্পের দরপত্র বাতিল করে দেয়।
একই বিজ্ঞপ্তিতে তিনটি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছিল। যে যুক্তিতে দুটি প্রকল্পের দরপত্র বাতিল করা হলো, সেই একই যুক্তিতে তৃতীয়টিরও কেন বাতিল হলো না? এমন প্রশ্নে প্রকৌশলী আহছান উল্লাহ বলেন, ‘এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।’