রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সদর দপ্তরে তেল, ডাল ও চাল সরবরাহের দরপত্র পছন্দের ঠিকাদারদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে বঞ্চিত ঠিকাদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারেরা অভিযোগ করেন, সম্প্রতি আরএমপির রেশন সরবরাহের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করা হয়। গতকাল রোববার ছিল ৭০ লাখ টাকার এ কাজের দরপত্র বিক্রির শেষ দিন। গতকাল আরএমপির সদর দপ্তরে গিয়ে দরপত্রের শিডিউল কিনতে চাইলেও হেড মোহরার শাহ আলম ঠিকাদারদের নানা টালবাহানা করে ফিরিয়ে দেন। এ কারণে অধিকাংশ ঠিকাদার দরপত্র ছাড়াই খালি হাতে ফিরে আসেন।
ঠিকাদারেরা আরও অভিযোগ করেন, প্রতিবছর অন্তত ২৫-৩০ জন ঠিকাদার অংশ নেন। অথচ গত বছর থেকে শুধু পছন্দের ঠিকাদারদের মধ্যে দরপত্র বিক্রি হচ্ছে। এ ব্যাপারে গত বছরের ২১ আগস্ট আরএমপির তৎকালীন কমিশনার এস এম মনির-উজ-জামানের কাছে লিখিত অভিযোগও করেছিলেন ঠিকাদারেরা। কিন্তু তাতে কোনো ফল হয়নি।
হেড মোহরার শাহ আলম দাবি করেন, ‘দরপত্র বিক্রির দায়িত্বে আমি ছিলাম না। অন্য একজনের এ দায়িত্ব ছিল। কাজেই আমার পছন্দের লোকজনের কাছে দরপত্র বিক্রি হয়েছে, এটা ঠিক নয়।’ রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধূরী বলেন, ‘কেউ সিডিউল কিনতে এসে ঘুরে গেছে—এমন অভিযোগ আমি পাইনি। তবে ১২টি সিডিউল বিক্রি হয়েছে। ঘুরে গেলে তো আর ১২টি সিডিউল বিক্রি হতো না।’