পছন্দের তালিকায় কিরণমালা, মোদি কুর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় তীব্র যানজট আর বিপণিবিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ঈদের কয়েক দিন আগের সেই চিরচেনা রূপ পেয়ে গেছে নগর সিলেট। সকাল থেকে মধ্যরাত অবধি চলছে কেনাকাটা। শিশু, নারী ও পুরুষদের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে ঈদের বাজার। ফুটপাত থেকে সুউচ্চ বিপণিবিতানের আলো ঝলমলে দোকান—কোথাও পা ফেলার একরত্তি জায়গা নেই।
কয়েকজন বিক্রেতার ভাষ্য অনুযায়ী, সব ক্রেতা সব এলাকায় বাজার করতে যাচ্ছেন না। সাধারণত নগরের নয়াসড়ক এলাকায় উচ্চবিত্ত এবং উচ্চমধ্যবিত্ত পরিবারের লোকেরা বেশি ভিড় করছেন। এই এলাকায় রয়েছে মাহা, মাম্মি, লা রিভ, আড়ং, কাশিশ, শি, এডিশন, মনোরম, কলাপাড়ার, চন্দ্রবিন্দুর মতো কাপড়ের সব দোকান। এসব দোকানে দুই হাজার থেকে শুরু করে এক লাখ টাকা দামের শাড়ি পর্যন্ত পাওয়া যাচ্ছে। এর বাইরে নতুন নকশাসংবলিত থ্রিপিস, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, পায়জামাসহ শিশুদের কাপড়চোপড়ও পাওয়া যাচ্ছে।
দেশের নামজাদা ফ্যাশন হাউস থেকে শুরু করে দেশি-বিদেশি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের কাপড় কিনতে ক্রেতারা নগরের কুমারপাড়া এলাকায় ভিড় করছেন। এখানে দেশি দশ, আর্টিস্টি, ব্যাং, ইজি, মিরর, ওয়ানওয়ে, এক্সেলেন্সি, রোজ, বেবিশপসহ শতাধিক দোকান রয়েছে। উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারের সদস্যরাই এখানে কেনাকাটা করছেন। এ এলাকায় দেশি কাপড়ের পাশাপাশি তরুণীরা ‘পিকে’, ‘কিরণমালা’, ‘পাখি’ জাতীয় থ্রিপিস এবং তরুণেরা ‘মোদি কুর্তা’ কিনছেন বেশি।
‘কিরণমালা’ থ্রিপিস কিনতে পেরে অত্যন্ত খুশি সিলেটের এমসি কলেজের স্নাতক (সম্মান) অধ্যয়নরত ছাত্রী সাদিয়া ইসলাম। কুমারপাড়া এলাকায় গতকাল সোমবার বেলা একটার দিকে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘বান্ধবীরা কিরণমালা ড্রেস কিনেছে। এবারের ঈদে আমারও একই ড্রেস কেনার তীব্র আগ্রহ ছিল। মা আমাকে এই ইচ্ছা পূরণ করে দিয়েছেন। আমি খুবই খুশি। এর বাইরে প্রয়োজনীয় কিছু কসমেটিকসও কিনব।’
গতকাল বেলা দুইটার দিকে জিন্দাবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, ওই এলাকার বিপণিবিতানগুলোর বিক্রেতারা ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছেন। প্রায় প্রতিটি দোকানেই রয়েছে ক্রেতাদের সরব উপস্থিতি। সাধারণ উচ্চমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির লোকেরাই এখানে কেনাকাটা করছেন বেশি। এ এলাকার ব্লু-ওয়াটার শপিং সিটি, মিলেনিয়াম মার্কেট, আল-হামরা শপিং সিটি, সিটি সেন্টার, শুকরিয়া মার্কেট, সিলেট প্লাজা, কাজী ম্যানসনসহ বিভিন্ন শপিংমলে একই চিত্র পাওয়া গেছে।
শুকরিয়া মার্কেটে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইছাক আলী ও তাঁর স্ত্রী আমেনা খাতুনের সঙ্গে। তাঁরা জানান, মধ্যবিত্তদের জন্য কম মূল্যে জিন্দাবাজার এলাকার দোকানগুলো থেকে কাপড়চোপড় কেনাকাটা করা সম্ভব। তাই তাঁরা এখানে ঈদের বাজার সারতে এসেছেন। পাঁচ সদস্যদের পরিবারের জন্য ঈদের কেনাকাটা বাবদ এবার তাঁদের বাজেট রয়েছে আট থেকে ১০ হাজার টাকা।
বন্দরবাজার এলাকায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকেরা শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন। এ এলাকার মধুবন সুপার মার্কেট ও হাসান মার্কেটমুখী ক্রেতাদের সরব পদচারণা রয়েছে। এই এলাকায় ফুটপাতগুলো দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা পাঞ্জাবি, টি-শার্ট ও বাচ্চাদের কাপড় দেদার বিক্রি করছেন। ফুটপাতজুড়ে এখন শুধু একটাই শব্দ—‘যা লন এক শ’, ‘দেইখা লন, বাইছা লন’।
সিলেট নগরের বারুতখানা এলাকায় অবস্থিত কাপড়ের দোকান ‘নাইওরি’। গতকাল বেলা পৌনে চারটায় ওই দোকানের মালিক মোহাম্মদ রাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঈদের বাজার জমে উঠেছে। এখন শেষ মুহূর্তের বেচাকেনা চলছে। আমাদের দোকানে নানা ধরনের শেরওয়ানি ও ফ্লোরটাচসহ “কিরণমালা” পোশাক সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।’