
ডেনমার্কের রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ার বলেছেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও মেধাবী তরুণদের প্রণোদনা দিতে এ দেশের একজন তরুণীকে এক দিনের জন্য তাঁর দেশের ছায়া রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এ মাসে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, নেদারল্যান্ডস ও নরওয়ে চারটি দেশ ছায়া রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের তরুণদের সুযোগটি দেবে। আর ডেনমার্কের ছায়া রাষ্ট্রদূত তালবিয়া তানভির বলেন, আশপাশের লোকজন কী মনে করল সেটা জরুরি নয়। সব নারীর নিজেদের পছন্দের পেশা বেছে নেওয়ার সুযোগ আছে। আর নিজেদের কাজের ক্ষেত্র ঠিক করে নারীর সামাজিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা উচিত। গতকাল ডেনমার্ক দূতাবাসে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় তাঁরা দুজন এসব কথা বলেন। এ সময় নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী তালবিয়া তানভির।