চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের বেশির ভাগই পছন্দের প্রতীক হিসেকে ‘কাঁচি’ চেয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে নয়জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে সাতজনই কাঁচি প্রতীক চেয়েছেন। বাকি দুজন চেয়েছেন আঙুর।
জানতে চাইলে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বুলবুল আকতার (বর্তমান কাউন্সিলর) বলেন, ‘কাঁচি ছাড়া বেশির ভাগ প্রতীক দেখতে একই ধরনের মনে হচ্ছে। ভোটাররা একটাতে সিল মারতে আরেকটাতে মেরে দেবে। তাই স্পষ্ট প্রতীক হিসেবে কাঁচি প্রতীক চেয়েছি।’
সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী জয়নাব বেগম বলেন, ‘অন্য প্রতীক দেখতে খুব একটা পছন্দ হয়নি। কাঁচিই আমার প্রিয়, তাই সেটা চেয়েছি। আমার দ্বিতীয় পছন্দের প্রতীক ভ্যানিটি ব্যাগ।’
সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড থেকে তিনবার নির্বাচিত প্রার্থী ফেরদৌস বেগম বলেন, ‘যেসব প্রতীক দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটি প্রতীক নিয়ে মানুষ সমালোচনা করবে, আর কয়েকটি দেখতে একই ধরনের। কাঁচি দেখতে স্পষ্ট। তাই সেটি চেয়েছি।’
এ বিষয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও পটিয়ার রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম বলেন, একাধিক প্রার্থী একই প্রতীক চাইলে লটারি করে তা বরাদ্দ দেওয়া হবে।