পছন্দের প্রার্থী নিয়োগ না পাওয়ায় মেয়রের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের প্রার্থী নিয়োগ না পাওয়ায় শিক্ষক মিলনায়তনে তালা ঝুলিয়ে দিয়েছে পৌর মেয়রের লোকজন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ভেড়ামারা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ভেড়ামারা কলেজের ওই শিক্ষক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত শুক্রবার কলেজে উপাধ্যক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আজিজুল হক নামের একজন নিয়োগ পান। গতকাল সকাল ১০টার দিকে কলেজে ১৫-২০ জন ব্যক্তি শিক্ষকদের কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে দেন। ভেড়ামারা ডিগ্রি কলেজের পরিচালনা পর্যদের সভাপতি হাসানুল হক ইনু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সম্পূর্ণ সরকারি বিধি ও নিয়মতান্ত্রিকভাবে কলেজে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। ওই নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। ১৫ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সেখানে সর্বোচ্চ নম্বর ও নিয়োগ কমিটির সদস্যরা যাঁকে যোগ্য মনে করেছেন, তিনিই নিয়োগ পেয়েছেন। তিনি বলেন, যাঁরা কলেজে ভাঙচুর ও তালা ঝুলিয়েছেন তাঁরা মহাজোটের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।অভিযোগের ব্যাপারে ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বাহক ও পৌর মেয়র শামীমুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি ওই কলেজের কোনো বিষয়ের সঙ্গে জড়িত নন। তবে শুনেছেন, কে বা কারা কলেজে তালা মেরেছে ও বিশৃঙ্খলা করেছে। তিনি আরও বলেন, কলেজে শিক্ষক নিয়োগ নিয়ে টাকা ভাগাভাগির বিষয়ে অভিযোগ রয়েছে। তিনি তাঁর পছন্দের প্রার্থী নিয়োগের ব্যাপারে তালা ঝোলানোর বিষয়টি অস্বীকার করেন।